স্প্যানিশ কোচের মাথায় ঘুণপোকার নাম ‘মেসি’!

লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন! রাত ১টার সেই মেগা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দে লা ফুয়েন্তে এখন পুরোনো সেই যন্ত্রণাদায়ক ম্যাচের শিক্ষা থেকেই স্প্যানিশ আর্মাডাদের জন্য ছক কষছেন, যাতে ইতিহাসের সেরা জাদুকরকে আটকে রাখা যায়।

শনিবার স্প্যানিশ বস খোলসা করেছেন যে ফাইনালে মেসিকে রুখতে ‘বিশেষ মনোযোগ’ দেওয়া হবে। তবে তিনি জানিয়েছেন, আটবারের ব্যালন ডি'অর জয়ীকে বোতলবন্দি করতে তারা কোনো ম্যান-মার্কিং বা একজন খেলোয়াড় দিয়ে মেসিকে ছায়ার মতো তাড়া করার ফাঁদে পা দেবেন না। কারণ অতীতে এই ম্যান-মার্কিংয়ের কৌশল খাটানোর পর যে চরম বাঁশ খেতে হয়েছিল, সেই গল্পও তিনি শোনান।

Messi 13
স্মৃতির পাতা হাতড়ে দে লা ফুয়েন্তে জানান, বার্সেলোনা একাডেমির বিরুদ্ধে যখন তিনি সেভিয়ার যুব দলের কোচ হিসেবে ডাগআউটে ছিলেন, তখনই মেসির জাদুর মুখোমুখি হন। তিনি বলেন, আমি যখন সেভিয়ার যুব দলের দায়িত্বে, তখন প্রথম ওর মুখোমুখি হই। আমরা বার্সেলোনায় খেলতে গিয়েছিলাম এবং মেসি নামের এক বাচ্চার ব্যাপারে অনেক প্রশংসা শুনেছিলাম। তাই ওকে আটকাতে আমি আমার দলের একজনকে ম্যান-টু-ম্যান মার্কিংয়ের দায়িত্ব দিই। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ০-০ ছিল। কিন্তু ওই সময় আমার সেই মার্কার একটা হলুদ কার্ড দেখায় আমি তাকে তুলে নিই। আর ব্যস! পরের ১৫ মিনিটের ঝড়ে মেসি একাই আমাদের জালে ৪-টা গোল ঢুকিয়ে দিল!

Messi 10
কৈশোরের সেই তিক্ত অভিজ্ঞতাই দে লা ফুয়েন্তেকে শিখিয়েছে যে মেসিকে ছায়ার মতো তাড়া করা শুধু পণ্ডশ্রম। তাই এবার ম্যান-মার্কিংয়ের পথে হাঁটছেন না তিনি। বরং ৩৯ বছর বয়সে এসেও ভিন্টেজ পারফরম্যান্স দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা মেসির বিরুদ্ধে দলগত শৃঙ্খলা আর সার্বক্ষণিক সতর্কতার ওপরই ভরসা রাখছে স্পেন। মেসিকে তরুণ অ্যাথলেটদের জন্য এক অনন্য রোল মডেল হিসেবেও আখ্যা দেন স্প্যানিশ গুরু।

Lionel Scaloni 03
অবশ্য রোববারের এই মহারণ ডাগআউটের দুই কোচের পুনর্মিলনের মঞ্চও বটে। ২০১৭ সালে স্কালোনি যখন তাঁর প্রফেশনাল কোচিং লাইসেন্সের জন্য পড়াশোনা করছিলেন, তখন দে লা ফুয়েন্তে ছিলেন তাঁর ইন্সট্রাক্টর বা শিক্ষক। সেই থেকে গড়ে ওঠা শিক্ষক-ছাত্রের এই মধুর সম্পর্ক বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি দে লা ফুয়েন্তের সম্মান আরও বাড়িয়ে দিয়েছে। আর্জেন্টিনা মাঠে নোংরা বা ফাউল গেম খেলে স্পেনের ছন্দ নষ্ট করার চেষ্টা করতে পারে, এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, দয়া করে এসব বলবেন না। এই আর্জেন্টিনা দলের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমি বিশ্বাস করি সোমবারের ফাইনালে কৌশল বা নোংরামি নয়, বরং দুই দলের প্রতিভা আর নান্দনিক ফুটবলই রাজত্ব করবে।

Argentina Team 02
কৈশোরের সেই যন্ত্রণাদায়ক শিক্ষা আর বছরের পর বছর ধরে মেসিকে প্রতিপক্ষ ধ্বংস করতে দেখার অভিজ্ঞতা থেকে স্পেন হয়তো এক নিখুঁত রণকৌশল তৈরি করেছে। তবে, গত দুই দশকের ফুটবল ইতিহাস কিন্তু একটা কথাই প্রমাণ করে, আর্জেন্টাইন জাদুকর যখন নিজের মতো করে ম্যাচের চিত্রনাট্য লিখতে শুরু করেন, তখন পৃথিবীর সেরা সেরা ডিফেন্সের মাস্টারপ্ল্যানও তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়!