কলকাতার ব্রাজিল-প্রীতিতে মুগ্ধ সেলেসাওরা!

বিশ্বকাপ ফুটবলের সময় শহরের অলিগলি জুড়ে হলুদ-সবুজ পতাকার জোয়ার, দেয়ালচিত্র আর উন্মাদনা-উচ্ছাস- ভারতের কলকাতার ফুটবল প্রেমীদের এমন নজিরবিহীন ভালোবাসা মন কেড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। আর এই অভূতপূর্ব উন্মাদনায় মুগ্ধ হয়ে চলতি বছরের শেষেই ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী অক্টোবর মাসে ফিফা উইন্ডোতে শহর কলকাতার বুকেই বসতে পারে সেলেসাওদের এই বর্ণিল আসর।

Brazil India 01
ইএসপিএন ব্রাজিল সংস্করণের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিবিএফ ভারতের মাটিতে এই ম্যাচটি আয়োজনের জন্য স্থানীয় আয়োজকদের সঙ্গে বেশ জোরদার আলোচনা চালাচ্ছে। সেপ্টেম্বরের ২৫ তারিখে টাউনসভিলে এবং ২৯ তারিখে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে ব্রাজিল। এই সফরের পরপরই অক্টোবরের শুরুতে ভারতে তৃতীয় ম্যাচটি খেলার পরিকল্পনা করা হচ্ছে।

ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও, সম্ভাব্য ভেন্যু হিসেবে তিলোত্তমা কলকাতাকেই পছন্দের শীর্ষে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের সময় থেকেই কলকাতার আয়োজকদের সঙ্গে সিবিএফ’র আলোচনা শুরু হয় এবং চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত প্রস্তুতি চলছে। উল্লেখ্য, ফিফার নতুন এবং বর্ধিত ‘সুপার ফিফা উইন্ডো’ ক্যালেন্ডারের আওতায় এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়মে জাতীয় দলগুলো ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ চারটি প্রীতি বা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে পারে।

Brazil India 04
হলুদ-সবুজে মোড়ানো কলকাতার ভালোবাসা:
দশক ধরে কলকাতাকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা। মোহনবাগান, ইস্টবেঙ্গল কিংবা মহামেডান স্পোর্টিংয়ের মতো ঐতিহ্যবাহী ক্লাবের শহর কলকাতায় বিশ্বকাপ ফুটবল মানেই এক উৎসবের আমেজ। বিশ্বকাপ চলাকালীন উত্তর কলকাতা থেকে শুরু করে পুরো শহরটাই রূপ নিয়েছিল এক হলুদ-সবুজের সমুদ্রে।

বেনিয়াতোলা এলাকার বিখ্যাত ‘ফিফা গলি’ এবারও বিশ্বজুড়ে নজর কেড়েছে। ২০১৪ সালে পত্রিকা কাটিং দিয়ে শুরু হওয়া এই গলিটি আজ বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। কোনো বাণিজ্যিক স্পন্সরশিপ ছাড়াই স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পুরো গলি সেজে উঠেছিল নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র এবং কিংবদন্তি ফুটবলারদের বড় বড় কাটআউট, গ্রাফিতি ও পতাকায়।

Brazil India 05
ভারতের ফুটবল দল এখন পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে না পারলেও, যুগের পর যুগ ধরে কলকাতার ফুটবলপ্রেমীরা ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তিকে নিজেদের দল হিসেবেই ভালোবেসে এসেছে।

সিবিএফ জানিয়েছে, ২০২৭ সালে তারা দেশের মাটিতেও এমন কিছু শহরের স্টেডিয়ামে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে সচরাচর জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় না।

তবে তার আগে কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে ব্রাজিলের এই সম্ভাব্য আগমন এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। বহু বছর ধরে দূর থেকে যাদের জন্য গলা ফাটিয়েছেন সমর্থকরা, এবার হয়তো নিজের চোখেই পছন্দের তারকাদের জাদুকরী ফুটবল উপভোগ করার সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছেন তারা!