দলবদলের গুঞ্জনের মধ্যেই রিয়ালের অনুশীলনে ভিনি!

বিশ্বকাপের উত্তাপ গায়ে মেখে ছুটি কাটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের ডেরায় পা রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ফেরা শুধু অনুশীলনে ঘাম ঝরানোর জন্য নয়; পেছনে ঘুরপাক খাচ্ছে চুক্তি নবায়ন আর দলবদলের এক বিশাল নাটকা। গ্রীষ্মকালীন ট্র্যান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান এই পোস্টার বয়ের রিয়াল ছাড়ার জোরালো গুঞ্জন এবং ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেয়ার খবর নিয়ে ফুটবল বিশ্ব এখন টালমাটাল!

সোমবারই ক্লাবের ভ্যালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছেছেন ভিনি। সঙ্গে ছিলেন আরেক সতীর্থ ব্রাহিম দিয়াজ। ব্লুয়া সানিতাস ভ্যালদেবেবাস হাসপাতালে দুজনেরই ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর সোজা মাঠে নেমে পড়েছেন তারা। আর এই অনুশীলনে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রিয়ালের কোচ হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়া সেই ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো!

Vini 02
বিশ্বকাপের ক্লান্তি কাটিয়ে ফিরলেও ভিনির ভবিষ্যৎ নিয়ে ক্লাবের ভেতরের পরিবেশ বেশ উত্তপ্ত। রিয়ালের সাথে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। ক্রীড়া মাধ্যম ইএসপিএন’র খবর অনুযায়ী, ভিনিসিয়াস যদি এখনই নতুন চুক্তিতে সই না করেন, তবে এই গ্রীষ্মেই তাকে চড়া দামে বিক্রি করে দিতে একেবারেই দ্বিধা করবে না রিয়াল মাদ্রিদ কর্তারা।

ঠিক এই সুযোগটাই লুফে নিতে ওত পেতে বসে আছে গানার্সরা! উত্তর লন্ডনের ক্লাব আর্সেনাল মনে করছে ভিনি রিয়াল ছাড়লে তাকে ছিনিয়ে নেওয়ার দৌড়ে তারাই সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। যদিও গানার্স বস মিকেল আর্তেতা শনিবার মিডিয়ার সামনে ধোঁয়াশা বজায় রেখে এই সম্ভাবনা নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করতে রাজি হননি। তবে রিয়াল কর্মকর্তা ও ভিনির এজেন্টের মধ্যে এখনো নতুন চুক্তির জন্য কোনো চূড়ান্ত বৈঠকের তারিখ নির্ধারণ না হওয়ায় জল আরও ঘোলা হচ্ছে।

Vini 01
নতুন মৌসুমের প্রস্তুতি হিসেবে গত শনিবারই নিজের প্রথম প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ফিওরেন্তিনার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ২-২ গোলের সেই ড্র ম্যাচে ভিনির জাতীয় দলের ছোট ভাই এনদ্রিক কিন্তু দারুণ এক গোল করে আলো কেড়ে নিয়েছেন।

নতুন কোচ মরিনহোর অধীনে দল এখন পূর্ণদমে লা লিগার জন্য প্রস্তুত হচ্ছে। আগামী শনিবার বুদাপেস্টে ‘ফেরেঙ্কভারোস’-এর বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে মাঠে নামবে লস ব্লাঙ্কোরা। এখন দেখার বিষ, মরিনহোর ট্যাকটিক্যাল বোর্ডে ভিনিসিয়ুস তাঁর চেনা ঝলক দেখান, নাকি চুক্তির সমঝোতা না হয়ে সোজা এমিরেটস স্টেডিয়ামের পথ ধরেন!