অবসরের জল্পনার মাঝে নেইমারের মন্তব্যে তোলপাড়!

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা সত্ত্বেও কার্লো আনচেলত্তির নেওয়া ঝুঁকি আর নেইমারের ওপর ভরসা কোনো কাজে আসেনি; নরওয়ের কাছে হেরে অসময়েই তল্পিতল্পা গোটায় ‘সেলেসাও’রা। ৩৪ বছর বয়সে এসে ইনজুরির দীর্ঘ ইতিহাস আর বিশ্বকাপ ট্র্যাজেডির পর এখন চূড়ান্ত দিশেহারা নেইমার!

জাতীয় দল থেকে বিদায় ঘনিয়ে আসার ইঙ্গিত এবং সান্তোসের সাথে চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার মুখে এবার নিজের অবসর নিয়ে রহস্যময় মন্তব্য করে বসেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমার জুনিয়র ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, আর কতদিন খেলব জানি না!

Neymar 03
সম্প্রতি 'নেইমার জুনিয়র ফাউন্ডেশন' আয়োজিত এক জমকালো চ্যারিটি অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির সামনে নিজের ভবিষ্যৎ ও অবসর নিয়ে খোলামেলা কথা বলেন নেইমার।

বুট জোড়া তুলে রাখার দুয়ার একদম খোলা রেখে তিনি বলেন, আমি সত্যিই জানি না আর কতদিন খেলা চালিয়ে যাওয়া উচিত। তবে এখনই থেমে যাওয়ার কথা ভাবছি না, আবার কতদিন খেলে যাব তাও জানি না! সান্তোসের সাথে আগামী ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে। আমি চুক্তিটা পুরোপুরি সম্মান জানাতে চাই এবং সান্তোসের জার্সির মর্যাদা রাখতে চাই। ডিসেম্বর পার হলে তখন ভাবব, সান্তোসেই থাকব, অন্য কোথাও যাব, নাকি ফুটবল খেলাটাই ছেড়ে দেব! সত্যি বলতে আমি এখনও জানি না কী করব, ডিসেম্বরের এখনও অনেক দেরি।

Neymar Jr 01
বিশ্বকাপের এই করুণ বিদায়ের পর কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল জাতীয় দলে এক বিশাল রদবদল ও বিপ্লব শুরু হতে যাচ্ছে, যেখানে ৩৪ বছরের ইনজুরি-জর্জরিত নেইমারের আর কোনো জায়গা নেই বললেই চলে। জাতীয় দলের অধ্যায় কার্যত শেষের পথে হলেও সান্তোসে নিজের বাকি কয়েকটি মাস ভক্তদের ভালোবাসা ও চড়া-উতরাইয়ের মাঝেই কাটিয়ে দিতে চান তিনি।

নেইমারের অবসর নিয়ে যখন পুরো ফুটবল বিশ্বে জোর গুঞ্জন ও জল্পনা-কল্পনা চলছে, ঠিক তখনই সেই চ্যারিটি অনুষ্ঠানে স্পটলাইট কেড়ে নেন নেইমারের বাবা ও তাঁর এজেন্ট! ছেলের অবসর এবং ভবিষ্যৎ নিয়ে এক চিমটি রসিকতা করে নেইমার সিনিয়র হেসে বলেন,  নেইমার ফুটবল খেলতে ভালোবাসে। তো ফুটবল না খেলে ও আর কী-ই বা করবে? ওর তো আর কোনো ডাক্তারের ডিগ্রি নেই, তাই ওকে ফুটবলটাই খেলে যেতে হবে!

সান্তোসের ভক্তদের সাথে গ্যালারির সম্পর্কের টানাপোড়েন, আনচেলত্তির দলে জায়গা হারানোর শঙ্কা এবং বাবার এমন রসিকতা, সব মিলিয়ে ডিসেম্বরের আগে নেইমার ফুটবলকে 'বিদায়' বলবেন নাকি মাঠে আরও কিছু জাদু দেখাবেন, তা নিয়ে এখন ফুটবল পাড়ায় গরম খবর!

তথ্যসূত্র: মারকা