আবারও নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার!

ব্রাজিলিয়ান কাপের ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়লেও মাঠের বাইরের কান্ডে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সান্তোস তারকা নেইমার। মঙ্গলবার রাতে বেলেন শহরের মাঠে রেমোর বিপক্ষে সান্তোসের ১-০ গোলের জয়ের পর ড্রেসিংরুমে ফেরার পথে স্বাগতিক ক্লাবের কর্তাদের সঙ্গে একপ্রকার মল্লযুদ্ধে জড়িয়ে পড়েন এই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ঘটনা এতদূর গড়ায় যে, রেমোর ক্ষুব্ধ সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা সরাসরি নেইমারকে ‘ছোটলোকের বাচ্চা’ বলে চরম কটূক্তি করেছেন!

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতির পরপরই মাঠে নামেন নেইমার। নেমেই নিজের জাত চেনান, সতীর্থ রনিকে দিয়ে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করান তিনি। এই এক গোলের ব্যবধানেই দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সান্তোস।

খেলা শেষে বাঁশি বাজতেই আসল নাটকের শুরু। ড্রেসিংরুমে যাওয়ার সুড়ঙ্গে রেমো ক্লাবের স্টাফ ও পরিচালকদের উদ্দেশ্যে উসকানিমূলক ভঙ্গিতে বারবার, ‘বাদ পড়ে গেছিস, বাদ পড়ে গেছিস’ বলে চিৎকার করতে থাকেন নেইমার। ক্যামেরায় বন্দি হওয়া সেই উত্তপ্ত ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

নেইমারের এই আপত্তিকর ও অসংবেদনশীল আচরণে চরম ক্ষিপ্ত হন রেমো সভাপতি আন্তোনিও কার্লোস তেইশেইরা। স্থানীয় গণমাধ্যম ‘পোর্টাল ও ফ্লাক্সো’-কে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, রেমো দারুণ একটা লড়াই চালিয়েছে। কিন্তু নেইমারের মতো এক জঘন্য ছোটলোকের বাচ্চা, যাকে দেশের হাজার হাজার শিশু আইডল মানায়, সে এখানে এসে নিজের সস্তা নাটক দেখাল আর আমাদের খোঁচাতে শুরু করল! আমাদেরই ভুল যে আমরা এই ধরণের ছোটলোকের বাচ্চাদের পূজা করি।

রেমো সভাপতির তোপ কিংবা গ্যালারির দুয়ো ধ্বনি, কোনোটিকেই অবশ্য গায়ে মাখছেন না ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা (৮০ গোল)। রেমোর মাঠে ওয়ার্ম-আপ করার সময় পুরো স্টেডিয়াম যখন তাঁকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছিল, নেইমার সেই ভিডিওটি নিজেই তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন।

ভিডিওর ক্যাপশনে ইমোজি ও হাসির ট্রোল জুড়ে দিয়ে নেইমার চরম কটাক্ষের সাথে লেখেন: ‘ভালোবাসার জন্য ধন্যবাদ, বেলেন!’

৩৪ বছর বয়সী এই উইঙ্গার সম্প্রতি জীবনের চতুর্থ বিশ্বকাপ খেলে ফিরেছেন। মাঠের ফুটবলে তিনি যেমন প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন, তেমনি মাঠের বাইরেও তাঁর এই 'বিতর্কিত ও সসি' রূপ নতুন করে ব্রাজিলিয়ান ফুটবলে চরম উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

তথ্যসূত্র: ইএসপিএন