ফুটবল স্কিল দিয়ে বিশ্ব জয় করলেও ইতিহাস আর রাজনীতির ক্লাসে বোধহয় একটু কাঁচাই রয়ে গেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে! চীনের আধুনিক রূপকার মাও সেতুংকে নিয়ে করা এক মন্তব্য ঘিরে এখন তুমুল কাণ্ড। ফুটবল মাঠ পেরিয়ে বিতর্ক গড়িয়েছে কূটনীতির টেবিলে।
ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের ছবির ওপর নিজের মুখ বসানো একটি মিম দেখে ফিক করে হেসে ফেলেন এমবাপে। মাও সে তুংয়ের নাম উচ্চারণ না করে সরাসরি বলে বসেন, কোনো এক লোক হবে, সম্ভবত চীনা কোনো স্বৈরাচারী!
ব্যস, আর যায় কোথায়! ১৯৪৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত চীন শাসন করা মহান নেতাকে নিয়ে এমন হালকা মন্তব্যে খেপে লাল বেইজিং। চীনের কোটি কোটি মানুষের আবেগ চরমভাবে আহত হয়।
পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে দ্রুতই হাঁটু মুড়ে ক্ষমা চেয়েছেন কিলিয়ান এমবাপে, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এবং স্প্যানিশ লিগ ‘লা লিগা’। কিন্তু তাতেও বরফ গলেনি। চীনে শুরু হয়ে গেছে অলিখিত বয়কট!
- চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি লা লিগার সব খেলা সম্প্রচার স্থগিত করে দিয়েছে।
- স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগু রিয়াল মাদ্রিদের ম্যাচ বয়কট করে অন্যান্য ম্যাচ দেখাচ্ছে।
- চীনা একাধিক ব্র্যান্ড মুহূর্তের মধ্যে এমবাপেকে তাদের স্পনসরশিপ ও বিজ্ঞাপনী প্রচার থেকে ছেঁটে ফেলেছে।
শুক্রবার স্পেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং জানান, বেইজিং আপাতত রিয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষের সাথে সার্বিক যোগাযোগ রাখছে। তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যা চীনের বহু মানুষের অনুভূতিকে আঘাত করেছে। কোনো আনুষ্ঠানিক আলোচনা না হলেও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে কথা চলছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়া সোজা জানিয়ে দিয়েছে, ক্ষমা চাওয়ার পর এমবাপে মুখেই শুধু দুঃখ প্রকাশ করছেন, নাকি কাজের মাধ্যমে প্রায়শ্চিত্ত করছেন, সেদিকে নজর রাখা হচ্ছে।
এদিকে বাণিজ্যিক দিক থেকে মাথায় হাত পড়েছে লা লিগা সভাপতি হাভিয়ের তেনাসের। স্প্যানিশ ফুটবলের এই শীর্ষ কর্তা তড়িঘড়ি করে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন। চীনে লা লিগার সম্প্রচার চুক্তির মূল্য এক সময় ১০ কোটি ইউরোতে উঠলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে বছরে মাত্র ১ কোটি ইউরোতে। সেই চুক্তিও (যা ২০২৯-৩০ মৌসুম পর্যন্ত থাকার কথা) এখন সুতোয় ঝুলছে।
মাঠের ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে ছিটকে ফেলা সহজ হলেও, ইতিহাস না জেনে মন্তব্য করে চীন সরকারের যে কড়া ট্যাকেলের মুখোমুখি হয়েছেন এমবাপে তা সামলাতে লা লিগাকে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে!
তথ্যসূত্র: রয়টার্স