মার্শেই-লেভস্কি ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ১১

ইউরোপা লিগে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই ও বুলগেরিয়ার লেভস্কি সোফিয়ার ম্যাচ ঘিরে গ্যালারিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন। তাঁদের সবাই বুলগেরিয়ার নাগরিক। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্রান্সের মার্শেইয়ের স্তাদ ভেলোদ্রোমে ম্যাচ শুরুর আগে এ ঘটনা ঘটে। গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি বস্তু ও অগ্নিসংযোগকারী ফ্লেয়ার নিক্ষেপের ঘটনা ঘটে। 

ম্যাচ শুরুর প্রায় ১০ মিনিট আগে মার্শেইয়ের কয়েক শ সমর্থক নিজেদের নির্ধারিত গ্যালারি ছেড়ে লেভস্কি সোফিয়ার সমর্থকদের অংশে প্রবেশ করেন। সেখানে প্রায় ৫০০ বুলগেরীয় সমর্থক ছিলেন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন সমর্থকের মুখ ঢাকা ছিল।

মার্শেই পুলিশের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে পাঁচজন চোখে আঘাত, মাথায় আঘাত ও কাঁধের হাড় সরে যাওয়ার কারণে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকি ছয়জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের তথ্য জানায়নি পুলিশ।

ঘটনার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও বুলগেরিয়ার প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। মাখোঁ এ ধরনের সহিংসতাকে খেলাধুলার পরিপন্থী উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ইয়োতোভা।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লেভস্কি সোফিয়ার কোচ হুলিও ভেলাসকেস। মার্শেই কর্তৃপক্ষও ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে বলে জানিয়েছে।

সংঘর্ষের কারণে উত্তেজনা ছড়ালেও নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়। শেষ পর্যন্ত আমিনে গুইরির পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় মার্শেই।

তথ্যসূত্র: এএফপি, রয়টার্স