প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। শনিবার (২৮ নভেম্বর) কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরেছে লিওনেল মেসির দল। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে কলম্বাসের বিপক্ষে চারবারের দেখায় একবারও জয়ের মুখ দেখল না মায়ামি।
ম্যাচের স্টপেজ টাইমে সান্তিয়াগো রদ্রিগেজের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে কলম্বাস ক্রু। এই জয়ে টানা আট ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল দলটি। চলতি মৌসুমে মায়ামির বিপক্ষে চারবারের দেখায় চারটিতেই জিতেছে তারা।
ম্যাচে মেসির চিরচেনা ছন্দ দেখা যায়নি। যদিও ব্যক্তিগতভাবে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে ২৬ গোল ও ১৭টি গোলে সহায়তা করেছেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন গোল্ডেন বুট। তবে মেসির ব্যক্তিগত সাফল্য দলীয় ব্যর্থতা আড়াল করতে পারেনি।
পুরো মৌসুমে নিজেদের মাঠেও প্রত্যাশিত ফল পায়নি মায়ামি। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে প্লে-অফে ওঠা অন্য দলগুলোর বিপক্ষে তাদের জয় ছিল মাত্র একটি।
২০২৩ সালের জুলাইয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল দলটি। ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে সেরা তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছিল মায়ামিকে। তবে এবার প্রথম রাউন্ডে মাত্র দুই ম্যাচেই সিরিজ শেষ হয়ে গেল তাদের।
মৌসুমের দৌড় আগেভাগেই শেষ হয়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। তবে ডিসেম্বরে মায়ামির হয়ে দেশের মাঠে একটি প্রীতি ম্যাচে খেলতে পারেন তিনি।
এদিকে ২০২৩ সালের ৩১ মে মন্ট্রিলের বিপক্ষে এবং এর চার দিন পর নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে টানা দুটি ম্যাচে ১-০ গোলে হেরেছিল মায়ামি। এরপর এই প্রথম নিয়মিত মৌসুম ও প্লে-অফ মিলিয়ে টানা দুই ম্যাচে কোনো গোল করতে ব্যর্থ হলো দলটি।