আগামী ২১ জুন থেকে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে এশিয়া ব্রিজ কাপের পঞ্চম আসর। এশিয়ান ব্রিজের মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তিনটি দল। মোট ২০ জন খেলোয়াড় এই দলগুলোর হয়ে বুদ্ধির লড়াইয়ে অবতীর্ণ হবেন।
এবারের আসরে বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ ‘বি’ দলের পাশাপাশি সিনিয়র ক্যাটেগরিতেও বাংলাদেশের একটি দল অংশ নেবে।
বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন অধিনায়ক মোহাম্মদ আরিফুর রহমান। এই দলের অন্য সদস্যরা হলেন—মো. আলাউদ্দীন, সৈকত তালুকদার, বিশ্বজিৎ সাহা, রাশেদুল হাসান রিপন, এ এইচ এম কামরুজ্জামান ও আসিফুর রহমান চৌধুরী। আগামী ২১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই প্রথম খেলায় মাঠে নামবে ‘এ’ দল।
অন্যদিকে, মনিরুল ইসলামের অধিনায়কত্বে বাংলাদেশ ‘বি’ দলে খেলবেন—জাহিদ হোসেন, শাহ্ জিয়া-উল হক, মাওলা আল মামুন, রাশেদুল আহাসান নাইম, মশিউর রহমান সুমন ও বিএম মাহমুদ হাসান কিরণ।
এছাড়া প্রবীণ খেলোয়াড়দের নিয়ে গঠিত সিনিয়র ক্যাটেগরির বাংলাদেশ দলের সদস্যরা হলেন—মেসবাহুর রহমান, ডি এম হানজালা, সাঈদ আহমেদ রবি ও বণি আমিন ইকন ও জহিরুল হক।
আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে ইতিবাচক ফলাফল অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আরিফুর রহমান। তিনি বলেন, ব্রিজ এমন একটি খেলা যেখানে কেবল বুদ্ধির লড়াইয়ে যেকোনো দলকেই হারিয়ে দেওয়া সম্ভব। আমাদের দলে নবীন ও প্রবীণ খেলোয়াড়দের চমৎকার একটি মিশ্রণ রয়েছে। দলের এই কম্বিনেশন ভালো ফলাফল বয়ে আনবে বলে আমি আশাবাদী।
টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ দল সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ২৭ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। এবারের পঞ্চম আসরে ভারত ও বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, হংকং ও চীনসহ এশিয়ার ১২টি দেশের তিন শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন।
এর আগে ২০২২ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছিলো এশিয়া ব্রিজ কাপের চতুর্থ আসর। চার বছর পর এবারের আসরে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই দেশ ছাড়বেন বাংলাদেশের খেলোয়াড়রা।