নিয়ম সংশোধন, ১৫ দিন সেবা বন্ধ থাকলে দিতে হবে না ইন্টারনেট বিল

ব্রডব্যান্ড ইন্টারনেটে গ্রাহকের বিড়ম্বনা এড়াতে আগের নিয়ম পরিবর্তন নতুন নির্দেশনা জারি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংস্থাটি জানায়, এবার তিনদিন নয়, টানা ১৫ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা না পেলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) বিল দেবেন না।

দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম জানান, আমরা বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিটিআরসির চিঠি পেয়েছি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসি এই সিদ্ধান্ত দিয়েছে। এতে করে ব্রডব্যান্ড ইন্টারনেটে এক দেশ এক রেট বাস্তবায়ন আরও সহজ হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেদিন চিঠি ইস্যু হয়েছে সেদিন থেকেই এই নিয়ম কার্যকর হবে। 

পুরনো নিয়ম সংশোধন করে নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, টানা পাঁচ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ ভাগ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। আর টানা ১০ দিন ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ২৫ ভাগ নেওয়া যাবে।

আরও পড়ুন: খাবার খেয়ে তাবলীগের ১৪ জন হাসপাতালে, গুরুতর দুই

এর আগে বিটিআরসি গত পাঁচ অক্টোবর গণমাধ্যমগুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, এক দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ৫০ ভাগ নিতে পারবে সেবাদাতা প্রতিষ্ঠান। দুই দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মোট বিলের ২৫ ভাগ নেওয়া যাবে। আর টানা তিন দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে ওই মাসের কোনো মাসিক বিল গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না।

একাত্তর/এসি