সাহায্যের চেয়ে যেন হুমকিই বেশি তৈরি করছে চ্যাট জিপিটি। মাত্র কয়েক সেকেন্ডেই সবজান্তা এই প্লাটফর্মটি কখনো হয়ে উঠছে লেখক, চলচ্চিত্রকার, কখনো বিজ্ঞানী, চিকিৎসক।
এমনকি শিক্ষকও। মেশিন লার্নিং প্রযুক্তি দিয়ে মুহূর্তেই বাড়াচ্ছে নিজের সৃজনশীল মেধা, সাথে তৈরি করছে দুনিয়াজুড়ে শতকোটি মানুষের চাকরি হারানোর শঙ্কা।
চ্যাট জিপিটির ওয়েবসাইটে গিয়ে তাকে বাংলায় বলা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে একটি গান লিখতে। কয়েক সেকেন্ডে সে এমনভাবে লিখলো, দেখে মনে হতেই পারে এটি রবীন্দ্র সঙ্গীত। লেখা নকল করে চ্যাট জিপিটি হয়ে উঠছে শেক্সপিয়র, নজরুল কিংবা শরৎচন্দ্র।
আরও পড়ুন: বিশ্বে প্রতি চারজনের একজন ফেসবুক ব্যবহার করেন
এভাবে সে সিনেমার গল্প লিখে দিচ্ছে ১০ সেকেন্ডে, লিখছে শেক্সপিয়রের আদলে নাটক, মাইকেল মধুসূদন দত্তের মতো সনেট, পণ্যের বিজ্ঞাপন আইডিয়া এমনকি চিকিৎসা সম্পর্কিত সমস্যার উত্তর, এমনকি করে দিচ্ছে স্কুলের হোমওয়ার্ক।
সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন খবরদারী শংকা জাগিয়েছে বিশ্বব্যাপী। বলা হচ্ছে দুনিয়াজুড়ে বিলিয়ন মানুষ চাকরি হারাবেন এর সবজান্তার কারণে।
প্রয়োজন কমে আসবে লেখক ও সম্পাদকের, কাহিনীকারের, সাংবাদিক এমনকি শিক্ষকদেরও। এটি ব্যবহার করে চৌর্যবৃত্তি ঠেকাতে সম্প্রতি একটি টুল বের করেছে কর্তৃপক্ষ।
তবু চ্যাট-জিপিটির এই অস্বাভাবিক ক্ষমতা দেখে রীতিমত ভয় জাগছে অনেকের ভেতরেই। বাংলাদেশও এর বাইরে নয়। এ নিয়ে চিন্তিত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।
সৃজনশীল কর্মযজ্ঞে কৃত্রিম বুদ্ধিমত্তার হানা দেয়ায় মেধা নির্ভর কাজে নেতিবাচক প্রভাব পড়বে মানছেন প্রযুক্তিবিদরাও। তাদের মতে এখনই প্রয়োজন নীতিমালা, সেই সঙ্গে সবচেয়ে প্রয়োজন ব্যবহারকারীর সচেতনতা।
ইন্টারনেটে থাকা ওয়েব পেজ, টেক্সট বই, উইকিপিডিয়া, বিভিন্ন উৎস থেকে প্রায় ৬০০ গিগা বাইট ডেটা এরইমধ্যে আছে চ্যাট-জিপিটিতে। পাশাপাশি আছে ৩০০ বিলিয়ন শব্দ ভান্ডার।
এদিকে মেশিন লার্নিং প্রক্রিয়ায় চ্যাট জিপিটি প্রতিদিনই নতুন নতুন শব্দ শিখছে, অনুমান করে উত্তর দেবার দক্ষতাও বাড়াচ্ছে। সে কারনেই হয়তো নিজের এই প্লাটফর্ম নিয়ে ইলন মাস্ক বলছেন গুগলের যেখানে শেষ, চ্যাট জিপিটির সেখান থেকে শুরু।
গেল জানুয়ারিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে চ্যাট-জিপিটি নামক কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। গত বছরের নভেম্বরে উন্মুক্ত হবার পর মাত্র দুই মাসের মধ্যে ১০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী পেয়েছে চ্যাট-জিপিটি।
একাত্তর/এআর