তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধীদের দক্ষতাকে গুরুত্ব দিন: পলক

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ চাহিদা সম্পন্ন দক্ষদের চাকরির সুযোগ করে দিতে দেশের বেসরকারি খাতের স্বনামধন্য কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

শনিবার দুপুরে আগারগাঁওয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষিত ব্যক্তিদের চাকরি মেলায় এ আহ্বান জানান তিনি।

পলক বলেন, শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা যেনো অন্যের ওপর নির্ভরশীল না হয়ে প্রযুক্তির ব্যবহার করে আত্মনির্ভরশীল হতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।  

বিশেষ চাহিদা সম্পন্নদের বিষয়ে তিনি বলেন, তাদের জন্য শুধু চাকরির মেলা নয়, প্রতিবন্ধীরা উদ্যোক্তা হয়ে আরো হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করবে।

চাকরি দেয়ার জন্য এই মেলায় অংশ নেয় ৪৮টি প্রতিষ্ঠান। সারাদেশ থেকে প্রায় ৫০০ জন অনলাইনে আবেদন করেন।

তাদের থেকে বাছাই করে এবং অনেকে সশরীরে এসে মৌখিক পরীক্ষা দেন এই মেলায়।

তথ্যপ্রযুক্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন যোগ্য ব্যক্তিদের চাকরির সুযোগ করে দেয়াই এই মেলার উদ্দেশ্যে বলে জানান প্রতিমন্ত্রী।

২০১১ সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এরই ধারাবাহিকতায় প্রশিক্ষণ নেওয়া প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য চাকরি প্রার্থী ও চাকরি দাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২০১৫ সাল থেকে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে।

এখন পর্যন্ত চাকরি মেলার মাধ্যমে প্রায় এক হাজার ৬০০ জন আইসিটিতে দক্ষ প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান হয়েছে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ চাকরি প্রত্যাশীরা এ মেলায় অংশগ্রহণ করেছে।