টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ বাতিল

‘টেন মিনিট স্কুল’ এর জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বাতিল করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান। 

তবে কী কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে-সেটা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ।

এর আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়।

২০১৫ সালে যাত্রা শুরু করা টেন মিনিট স্কুলে বর্তমানে ৬ষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস ও পরীক্ষার মাধ্যমে বোর্ড সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পরীক্ষা প্রস্তুতির নিয়মিত সহায়তা করছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ও চাকরির প্রত্যাশীদেরও প্রস্তুতিতে সাহায্য করছে টেন মিনিট স্কুল।