১০০ মিটার স্প্রিন্টে বোল্টের রেকর্ড ভেঙ্গে দিলো ‘লাইটিং’!

গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট ‘লাইটিং’ ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেছে মাত্র ৯.৩২ সেকেন্ডে!

শনিবার চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম জাঁকজমকভাবে এই অভাবনীয় অর্জনের খবর নিশ্চিত করেছে।

শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক ট্রায়াল পর্বে ট্র্যাক কাঁপায় রোবট 'লাইটিং'। দৌড়ানোর সময় এই যন্ত্র-মানবটির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয় প্রতি সেকেন্ডে ১৪.৫ মিটার!

২০০৯ সালের বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের ট্র্যাকে মানবজাতির ইতিহাসের দ্রুততম মানব উসাইন বোল্ট গড়েছিলেন ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ড। বছরের পর বছর ধরে অক্ষত থাকা জ্যামাইকান কিংবদন্তির সেই রেকর্ডকে এক লহমায় অতীত বানিয়ে দিল চিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তার গতিদানব।

স্মার্টফোনের বাজার কাঁপানোর পর অনারের এমন রোবোটিক্স বিপ্লব পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। মানুষ যেখানে হাড়-মাংসের শরীর নিয়ে শতভাগ শক্তি নিংড়ে দিয়ে ৯.৫৮ সেকেন্ডে পৌঁছেছিল, সেখানে ধাতব ফ্রেম, সেন্সর আর কৃত্রিম স্নায়ু নিয়ে গঠিত 'লাইটিং' মানবগতির সীমা রেখাকে এক ঝটকায় মুছে দিল। গতির দুনিয়ায় প্রযুক্তি যে অলৌকিক গতিতে এগোচ্ছে, এই হিউম্যানয়েড রোবট তারই এক জ্বলন্ত প্রমাণ!