তিন গুণ দ্রুতগতির ‘জেমিনাই ৪ নিওন’ আনলো গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে একের পর এক নতুন মডেল আনছে গুগল। ‘জেমিনাই ৪ কার্বন’ ও ‘জেমিনাই ৪ হাইড্রোজেন’ আনার কয়েক দিনের মাথায় বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে মাঝারি সারির নতুন মডেল ‘জেমিনাই ৪ নিওন’। গুগলের দাবি, মডেলটি তাদের ফ্ল্যাগশিপ সংস্করণ কার্বনের তুলনায় প্রায় তিন গুণ বেশি গতিতে কাজ করতে পারে এবং এতে ৪০ শতাংশ পর্যন্ত খরচ কমে।

নতুন এই মডেল যুক্ত হওয়ায় জেমিনাই অ্যাপ থেকে ‘জেমিনাই ৪ আর্গন’ সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পুরনো ‘জেমিনাই ৩.১ প্রো’ । জেমিনাইতে ‘হাইড্রোজেন’  দৈনন্দিন সাধারণ কাজের জন্য এবং ফ্ল্যাগশিপ মডেল ‘কার্বন’ জটিল কাজে ব্যবহৃত হয়। এই দুইয়ের মাঝামাঝি অবস্থান করছে ‘নিওন’ , যা তুলনামূলক কম খরচে ও দ্রুতগতিতে কোডিং, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং করপোরেট পর্যায়ের জটিল ও বহুধাপবিশিষ্ট কাজ সামলাতে সক্ষম।

টেক্সট, অডিও, ছবি, ভিডিও, পিডিএফ ও চার্ট একসঙ্গে বিশ্লেষণ করে আর্থিক মডেল, প্রতিবেদন বা গবেষণাপত্র তৈরি করতে পারে জেমিনাই ৪ নিওন। এটি একসঙ্গে সর্বোচ্চ ১০ লাখ টোকেন প্রক্রিয়াকরণ করতে সক্ষম। কাজের ধরন অনুযায়ী ডেভেলপাররা এতে ‘লো’ থেকে ‘এক্সট্রা হাই’ পর্যন্ত চারটি থিংকিং লেভেল বেছে নিতে পারবেন। দীর্ঘ এজেন্টভিত্তিক কাজের মাঝপথে নির্দেশনা বদলালেও এটি দ্রুত মানিয়ে নিতে পারে এবং গুগলের পরীক্ষায় এতে ভুল তথ্য তৈরির হার এখন পর্যন্ত সর্বনিম্ন। আইনি গবেষণা, কর-সংক্রান্ত কাজ এবং জ্যাপিয়ারের অটোমেশনবেঞ্চে এটি শীর্ষস্থান দখল করেছে।

জেমিনাই এপিআইয়ের পেইড সংস্করণে প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে তিন ডলার, ক্যাশড ইনপুটে ১৫ সেন্ট এবং আউটপুটে ১৫ ডলার খরচ পড়বে।

গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকেরা জেমিনাই অ্যাপে ‘ডিপার অ্যানালাইসিস’ অপশন থেকে এখনই এটি ব্যবহার করতে পারবেন; বিনা মূল্যের প্ল্যানে মডেলটি থাকছে না। ডেভেলপার ও ব্যবসায়ীরা গুগল এআই স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জেমিনাই ফর বিজনেসে এটি ব্যবহারের সুযোগ পাবেন।