প্রেমিকার ৬১ বছর বয়স জানতেই বয়ফ্রেন্ডের পিছুটান!

সাত সমুদ্র তের নদী পেরিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভালোবাসার মানুষের টানে ভারতে এসেছিলেন এক কানাডীয় নারী। উদ্দেশ্য ছিল একটাই, বিয়ের পিঁড়িতে বসা। কিন্তু দিল্লির বিমানবন্দরে নেমেই সেই স্বপ্ন মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। পাত্রের বয়সের খাঁড়ায় পড়ে ভেঙে গেল সম্পর্ক, আর শেষ পর্যন্ত সেই প্রেমকাহিনি গড়াল গিয়ে কানাডিয়ান দূতাবাস ও থানায়।

ঘটনাটি ভারতের রাজস্থানের। বেশ কিছুদিন আগে ডেটিং অ্যাপের মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ৬১ বছর বয়সি ওই কানাডীয় নারীর। শত শত কিলোমিটার দূরত্ব আর সংস্কৃতির ফারাক বুঁদে এক বছরেরও বেশি সময় ধরে চ্যাট করতে করতে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। সম্পর্কের বয়স যখন এক বছর, তখন সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে টিকিটের ব্যবস্থা করে সোজা নয়াদিল্লি উড়ে আসেন ওই নারী। গত ১১ নভেম্বর ভারতের রাজধানীতে পা রেখেই ছুটে যান প্রেমিকের কাছে।

বিমানবন্দরে প্রেমিকার জন্য হাজির ছিলেন সেই যুবক। গাড়ি করে তাকে সোজা নিয়ে যান নিজের এক খালা ও খালার স্বামীর বাড়িতে, যেখানে ওই যুবক নিজেও থাকতেন। নিম্রানা স্টেশন হাউস অফিসার (এসএইচও) সুরেন্দ্র যাদব এনডিটিভিকে জানিয়েছেন, শুরুতে সব কিছু ঠিকঠাকই চলছিল। পরিবারের সদস্যদের সঙ্গে আসন্ন বিয়ে নিয়ে কথাবার্তাও এগোচ্ছিল বেশ ভালোভাবেই। কিন্তু বিপত্তি বাঁধল তখনই, যখন ওই যুবকের পরিবার জানতে পারল যে হবু কনের বয়স ৬১ বছর!

পরিবারের আপত্তির মুখে পড়ে আর সাহস দেখাতে পারেননি পানিপতের সেই যুবক। বয়সের ব্যবধান অনেক বেশি, এই অজুহাত তুলেই তিনি শেষ মুহূর্তে সোজা জানিয়ে দেন যে, এই বিয়ে কোনোভাবেই সম্ভব নয়। স্বপ্নের পুরুষটির এমন আকস্মিক ইউ-টার্ণে দিশেহারা হয়ে পড়েন ওই নারী। বিয়ে ভেঙে যাওয়ায় সরাসরি কানাডা দূতাবাসে গিয়ে হাজির হন তিনি।

দূতাবাস থেকেই তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। পুলিশ এসে ওই যুবককে আটক করে সোজা থানায় নিয়ে যায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এভাবে ডেকে এনে প্রতারণা করার পেছনে ঠিক কী কারণ ছিল, তা নিয়ে এখন জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে, এই ঝামেলার মাঝে ওই কানাডীয় নারীকে রাখা হয়েছে পুটলির কোর সেন্টারে। ভালোবাসার রঙিন স্বপ্ন নিয়ে বিদেশ বিভুঁইয়ে এসে এমন নির্মম বাস্তবতার মুখোমুখি হওয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চারদিকে।