সম্পর্ক আরও জোরদার করতে চান নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ঢাকার সাথে একত্রে কাজ করার জন্য তাকিয়ে আছেন তিনি। 

স্থানীয় সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

রাষ্ট্রদূত হাস ঢাকায় তার কার্যভার গ্রহণের আগে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন। এ সময় তাকে সেখানে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম ও মিশনের অন্য কর্মকর্তারা। 

আলোচনায় দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা বলেন। তারা বাংলাদেশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততার উপর জোর দেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নেওয়া এবং উন্নয়নমূলক বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়।  

আরও পড়ুন: ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০

এর আগে রাষ্ট্রদূত হাস দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি হিসেবে পিটার ডি হাস দায়িত্ব গ্রহণের জন্য মার্চের শুরুতে ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে।


একাত্তর/আরবিএস