প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিসহ দলীয় কর্মীদের মধ্যে এখন বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের বেশ কিছু দাবিদাওয়া ও প্রত্যাশার কথা জানাবেন তারা।
এসব দাবির মধ্যে অন্যতম হলো ইতালিতে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করা। আর অন্যটি হলো, ঢাকা-রোম বিমান বাংলাদেশের ফ্লাইট পুনরায় চালু।
ইতালিতে চারদিনের সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী রোমে অবস্থিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সম্মেলনে যোগ দিতেই এই সফর। তার এই সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
ইতালি আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন বলেন, বরাবরের মতো সবাইকে নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে নেত্রীকে সংবর্ধনা দেয়া হবে।
ইউরোপের এই দেশটিতে বাস করে প্রায় দুই লাখ বাংলাদেশি। পাসপোর্ট ভুক্তভোগীদের বৈধতার জন্য প্রবাস থেকে জাতীয় পরিচয়পত্র করা সুযোগ চান ইতালির প্রবাসী বাংলাদেশিরা।
ইতালিতে এমন অনেক প্রবাসী রয়েছেন যারা এনআইডি সমস্যার কারণে পাসপোর্ট করাতে পারছেন না। যার ফলে তারা বৈধতা হারাচ্ছেন। এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান তারা।
প্রবাসীরা জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতালি থেকে দেশে বিনিয়োগ করতে চান তারা। এজন্য বাংলাদেশ থেকে রোমে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু করার দাবি জানান তারা।
আরও পড়ুন: ইতালির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
এছাড়াও, প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশের অনুরোধ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
সবশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফরে এসেছিলেন।
একাত্তর/এসজে