জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কড়া সমালোচনা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিলয়েচ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই ঘটনাটি আওয়ামী লীগের জন্য “একটি বড় কৌশলগত ভুল” ছিলো।
ড্যানিলয়েচের মতে, নিউ ইয়র্কে বিএনপির একজন প্রতিনিধির ওপর হামলার পর অভিযুক্তদের একজনকে জেল থেকে মুক্ত করায় আওয়ামী লীগপন্থিরা হয়তো নিজেদের ‘জয়’ মনে করছেন। কিন্তু এই ঘটনা তাদের প্রকৃত চেহারা উন্মোচন করেছে।
তিনি লেখেন, এই হামলার ঘটনায় বিএনপি, এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। এসব দলের নেতারা এবার একই মঞ্চে, একই পতাকার নিচে এসেছেন।
তিনি আরও উল্লেখ করেন, যারা হামলার শিকার হয়েছেন, তারা ঢাকা শহরের রাজপথে শেখ হাসিনার গুলির মুখে থেকেও মাথা নত করেননি, নিউ ইয়র্কের ‘কম দরের গুন্ডাদের’ দ্বারা তারা কখনোই ভীত হবেন না।
ড্যানিলয়েচ তার পোস্টে যুক্তরাষ্ট্র সরকারকে উদ্দেশ করে বলেন, এখন সময় এসেছে যারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা চায়, তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখে। পাশাপাশি তিনি মার্কিন প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও অভিবাসন কর্তৃপক্ষকে আহবান জানান, যারা যুক্তরাষ্ট্রের মাটিতে ‘হাসিনার রক্তমাখা অর্থে’ আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার।
শেষাংশে ড্যানিলোভিচ স্পষ্টভাবে বলেন, আওয়ামী লীগ এখনো নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়নি। তারা নৈতিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে দেউলিয়া হয়ে পড়েছে। এই ধরনের আচরণ থেকে যদি তারা সরে না আসে, তাহলে গত ১৫ বছরে যাদের তারা দমন করেছে, তাদের কাছ থেকে কোনো ক্ষমা বা আপস আশা করা উচিত নয়।