সৌদি আরবে বিপদে পড়ার আগেই সাবধান!

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ আইনি ও নিরাপত্তা নির্দেশিকা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, আইনি জটিলতা এড়ানো এবং বিদেশে দেশের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখার লক্ষ্যে সোমবার কনস্যুলেটের পক্ষ থেকে এই জরুরি সতর্কবার্তা ও জনকল্যাণমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কনস্যুলেট স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্থানীয় আইনের প্রতি সামান্য অবহেলাও একজন প্রবাসীর পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে।

বিশেষ করে সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ফেসবুক, ইউটিউব, এক্সসহ (টুইটার) বিভিন্ন সামাজিক মাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো লেখা, ছবি বা ভিডিও প্রকাশ, শেয়ার, সংরক্ষণ কিংবা মন্তব্য করা থেকে পুরোপুরি বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া না বুঝে বা বিষয়বস্তু স্পষ্ট না হয়ে কোনো কাগজে সই বা সাদা কাগজে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) না দেয়ার ব্যাপারে কড়া হুশিয়ারি দেয়া হয়েছে। পাশাপাশি, নিজের ইকামা ব্যবহার করে অন্য কারো বা প্রতিষ্ঠানের নামে সিম, গাড়ি বা কোনো সম্পত্তি রেজিস্ট্রেশন না করারও পরামর্শ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এক প্রতিষ্ঠানের ইকামা নিয়ে অন্য কাজ করা, রাস্তায় পড়ে থাকা বাতিল মালামাল বা স্ক্র্যাপ সংগ্রহ করে বিক্রি, অনুমতি ছাড়া পথ ব্যবসা কিংবা অবৈধভাবে পানি বিক্রির মতো কর্মকাণ্ড সৌদি আইনে কঠোর দণ্ডনীয় অপরাধ।

অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন বা চাকরির প্রলোভনে পড়ে প্রতারিত না হওয়ার জন্য কনস্যুলেট বিশেষভাবে আহ্বান জানিয়েছে। আইন মেনে চললে প্রবাসীরা যেমন নিরাপদ থাকবেন, তেমনি সৌদি আরবে বাংলাদেশের সুনামও অক্ষুণ্ণ থাকবে বলে কনস্যুলেটের বার্তায় উল্লেখ করা হয়।