সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম 'আজেল নিউজ' এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিক হলেন- নজরুল ইসলাম আব্দুল বাসির এবং সিথি আকতার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, মক্কার একটি পবিত্র মসজিদের অভ্যন্তরে মারাত্মক অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে অভিযুক্ত হন ওই দুই বাংলাদেশি। ঘটনার পরপরই স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে এবং নিবিড় তদন্ত শেষে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে।
পরবর্তীতে বিচারিক আদালত অপরাধের চরম নৃশংসতা, স্থানটির গুরুত্ব এবং পবিত্র স্থান অবমাননার বিষয়টি বিবেচনায় এনে তাঁদের দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। উচ্চ আদালত ও দেশের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ এই বিচারিক রায় বহাল রাখেন। অবশেষে রাজকীয় ফরমান জারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁদের এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই স্পর্শকাতর বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর কোনো মন্তব্য করতে রাজি হননি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্মীয় উপাসনালয়ের পবিত্রতা বিনাশকারী যেকোনো অপরাধমূলক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ইসলামী আইন প্রয়োগে সৌদি সরকার বদ্ধপরিকর।
একই সাথে বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, পবিত্র স্থান অবমাননা বা এই জাতীয় অপরাধ সংঘটনের চেষ্টা করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
