যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম 'সিটি অ্যান্ড স্টেট'-এর প্রকাশিত “২০২৬ হু’জ হু ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস” তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত পেশাজীবী শাকিল খান। বর্তমানে তিনি ব্রঙ্কসের বিখ্যাত অলাভজনক প্রতিষ্ঠান ‘মশলু মন্টেফিওরে কমিউনিটি সেন্টার’-এর প্রধান অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২৬ অক্টোবর প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় পেশাগত দক্ষতা, কৌশলগত নেতৃত্ব এবং সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় নির্বাহী ও পরামর্শকদের স্বীকৃতি দেওয়া হয়।
সরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় এক দশকেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গে কাজ করছেন শাকিল খান। অডিট বা নিরীক্ষা, অনুদানের শর্তাবলি পরিপালন এবং আধুনিক হিসাবব্যবস্থার সমন্বয় সাধনে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে।
তিনি ৮০ বছরের পুরোনো ও স্বনামধন্য প্রতিষ্ঠান এমএমসিসিতে যোগ দেয়ার পর শিশুবিকাশ, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা কর্মসূচি, প্রবীণসেবা ও সামাজিক সুস্থতাবিষয়ক নানা কার্যক্রমের আর্থিক অবকাঠামো পুনর্গঠন ও শক্তিশালীকরণে অসাধারণ ভূমিকা রেখেছেন। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি প্রতি বছর ৫০ হাজারেরও বেশি মানুষকে সেবা প্রদান করে থাকে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শাকিল খান বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির উন্নয়নেও সমানভাবে নিবেদিত। তিনি অভিবাসীদের কল্যাণ ও সহায়তায় নিয়োজিত অলাভজনক সামাজিক সংস্থা ‘সেতু’র পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে নিউইয়র্কে বসবাসরত অভিবাসীদের নানা সেবা ও কল্যাণমূলক কার্যক্রমে নিয়মিত অবদান রেখে চলেছেন তিনি।
ছাত্রজীবন থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শাকিল খান নিজ মাতৃভূমির প্রতি গভীর অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে নিজের এই বিস্তৃত আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা জোরদার করা, দেশের করব্যবস্থার আধুনিকায়ন এবং দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় অবদান রাখতে আগ্রহী তিনি।
যুক্তরাষ্ট্রের মূলধারার প্রভাবশালী তালিকায় শাকিল খানের এই অসামান্য অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের এবং তা আন্তর্জাতিক অঙ্গনে উদীয়মান নতুন প্রজন্মের বাংলাদেশি পেশাজীবীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।