বস্তা প্রতি ৩০০ পর্যন্ত চালের দাম বাড়লো

বস্তা প্রতি ৩০০ টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়েছেন আমদানিকারকরা। গত এক সপ্তাহে কৃত্রিম সংকট তৈরি করে এই দাম বাড়ালো তারা।  

চাল পাইকারিদের অনেকেই বলছেন, আমদানি করা চাল এখন বেশি দামে বিক্রি হচ্ছে। যা এখন ৫০ কেজি চালের দাম ৩০০ টাকা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও, নতুন মৌসুমে ধান-চাল বাজারে এলেও সরবরাহ বাড়েনি। আমদানি করা ভারতীয় চালের দাম বেড়ে যাওয়ায় বাজারে দামে প্রভাব পড়েছে। এ ছাড়া জ্বালানি তেলসহ ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবও পড়েছে চালের বাজারে।

খাতুনগঞ্জের চাক্তাই বাণিজ্যিক এলাকার বিভিন্ন আড়তে স্বর্ণা সেদ্ধ চালের বস্তা প্রতি ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ টাকা, মিনিকেট সেদ্ধ মানভেদে ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, পাইজাম সেদ্ধ চাল ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৪০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, কাজলতা সেদ্ধ ২০০ টাকা বেড়ে দুই হাজার ৭০০ টাকা, জিরাশাইল সেদ্ধ ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিন হাজার ১০০ টাকা।

অন্যদিকে, আতপ চালের মধ্যে মিনিকেট বস্তাপ্রতি ২০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৭০০ টাকা, বেতি সেদ্ধ ২০০ টাকা বেড়ে মানভেদে দুই হাজার ৩০০ টাকা থেকে দুই হাজার ৫০০ টাকা, ইরি আতপ ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে বস্তাপ্রতি এক হাজার ৯৫০ টাকা, কাটারি আতপ ৩০০ টাকা বেড়ে তিন হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও চালের দাম কেজি প্রতি বেড়েছে পাঁচ-ছয় টাকা।

ব্যবসায়ীরা বলছেন, সরকারের পক্ষ থেকে চাল আমদানি করার সর্বশেষ অনুমতি ছিলো চলতি বছরের ২৫ আগস্ট। সে সময় ৪০০ আমদানিকারককে সাড়ে ১৬ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। ৩০ অক্টোবরের মধ্যে এসব চাল আমদানি শেষ করতে বলা হয়। ৩১ অক্টোবর থেকে খাদ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ভারত থেকে চাল আমদানি বন্ধ করে দেওয়া হয়। 

আমদানি বন্ধ থাকায় এর প্রভাব পড়ছে দেশের বিভিন্ন বাজারে। চট্টগ্রামে এবার ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে অন্তত এক হাজার ৮৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে রোপা আমনও ছিল। আর এর প্রভাব চাল বাজারে পড়েছে। আর এতে করে সরবরাহ কম থাকায় আমদানিকারকরা চালের দাম বাড়িয়েছে। 

এছাড়াও, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন মোকাম থেকে চাল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এমনিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চালের বাজার কিছুটা বাড়তি ছিল। কিন্তু নতুন মৌসুমের চাল সরবরাহ শুরু হলে বাজারে সংকট দেখানো হচ্ছে মোকামগুলো থেকে। 

একাত্তর/ এনএ