আবারও বাড়ানো সয়াবিন তেলের নতুন দাম আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সচিব তপন কান্তি জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ছে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত তেলে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ানো হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে এ দাম কার্যকর হবে।
সর্বশেষ ২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা নির্ধারিত ছিল। বোতলজাত সয়াবিনের পাঁচ লিটারের দাম ৭৬০ ও পাম তেলের দাম ছিল প্রতি লিটার ১১৮ টাকা।
আরও পড়ুন: সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল আট টাকা বেড়ে ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম সাত টাকা বেড়ে ১৪৩ টাকা, বোতলজাত সয়াবিনের পাঁচ লিটারের দাম ৩৫ টাকা বেড়ে ৭৯৫ ও পাম তেলের দাম ১৫ টাকা বেড়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
একাত্তর/এসি