একদিকে তেল নিয়ে যেমন চলছে তেলেসমাতি কাণ্ড, অন্যদিকে পেঁয়াজ নিয়ে চলছে তুঘলকি ব্যাপার। দুই নিত্যপণ্যই ইচ্ছে মতো দাম বাড়িয়ে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।
সরকার খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৪৩ টাকা নির্ধারণ করে দিলেও শনিবার (৫ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্সে বিক্রি হচ্ছে ১৭৩ টাকা কেজি (যদিও লিটারে বিক্রি কথা)। যার ফলে প্রতিষ্ঠানের মালিককে গুনতে হয়েছে ২ লাখ টাকা জরিমানা। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের মনিটরিং টিম।
অন্যদিকে, শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে পেঁয়াজের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পেঁয়াজের ক্রয় রশিদ না থাকার অপরাধে দুই অসাদু আড়তদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তবে আড়তদাররা নিজেদের অপরাধ স্বীকার না করলেও ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে কেউ বাজার অস্থিতিশীল করলে আরও কঠোর হবেন তারা।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, মাঝে মধ্যে নয়, এখন থেকে প্রতিদিনই বাজার মনিটরিং করা হবে।
একাত্তর/ এনএ