চিনির বাজারে স্বস্তি ফিরছে শিগগিরই

দাম কমাতে সব ধরনের চিনি আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে এই খবর জানিয়েছে এনবিআর। 

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে এনবিআর জানায়, আমদানি করা অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে তিন হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ছয় হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এছাড়া চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

এনবিআর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনির দাম কমিয়ে আনার জন্য প্রস্তাব দেওয়ার পর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বলবৎ থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।


এর আগে গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে চিনির দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। 

ওই ঘোষণা অনুয়ায়ী খুচরা পর্যায়ের প্যাকেটজাত ও খোলা চিনি কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়। ফলে গত এক ফেব্রুয়ারি থেকে পরিশোধিত খোলা চিনি ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ টাকায় বিক্রি হয়ে আসছে।

আরও পড়ুন: খাদ্য মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে: খাদ্যমন্ত্রী

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধি, ডলারের বিনিময় হার বৃদ্ধি ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বেড়েছে। এসব বিষয় বিবেচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছিল।

তারও আগে গত বছরের নভেম্বরে খুচরা পর্যায়ে চিনির দাম বাড়ানো হয়েছিল।


একাত্তর/এসি