৯০ ভাগ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ

ঈদের আগে ৯০ শতাংশ পোশাক কারখানাতেই ইতোমধ্যে বেতন বোনাস পেয়েছেন শ্রমিকরা। বাকি ১০ শতাংশ কারখানায় বৃহস্পতিবারের মধ্যেই শ্রমিকদের সব পাওনা পরিশোধের কথা হবে বলে মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে জানানো হয়েছে। 

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকার, ব্যাংক ও তাদের নিজস্ব উদ্যোগে বড় কোনো সমস্যা ছাড়াই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা গেছে। 

বুধবার থেকেই ঈদের ছুটি পেয়েছেন সরকারি কর্মজীবীরা। তবে পোশাক কারখানায় শেষ কর্ম দিবস বৃহস্পতিবার। বাড়তি কিছু আয়ের আশায় এই শেষ সময়েও কাজ করছেন শ্রমিকরা। 

এবার ঈদের আগে সময় মতোই বেতন বোনাস পেয়েছেন শ্রমিকরা। এখন জরুরী শিপমেন্ট এবং ছুটি সমন্বয়ে শ্রমিকদের ওভারটাইম দিয়েই কাজ করানো হচ্ছে।

মালিকরা বলছেন, শ্রমিকের ঈদের ছুটির ব্যাপারে সরকারি নির্দেশনা থাকলেও ব্যাংকগুলোর সাথেও সেটি সমন্বয় প্রয়োজন। তাহলে বোনাসের জন্য কারখানাগুলোকে শেষ কর্ম দিবস পর্যন্ত অপেক্ষা করতে হয় না।

বিজিএমইএর সভাপতি মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিজিএমইএর সদস্যভূক্ত ২ হাজার ১শ ৫১টি কারখানার মধ্যে ১ হাজার ৯শ ৩৬টিতে সময়মতো বোনাস হয়েছে। আর বাকি ২শ ১৫টি কারখানায় শেষ কর্ম দিবস অর্থাৎ বৃহস্পতিবার পরিশোধ করা হবে। 

শ্রমিক নেতারাও বলছেন, এবার সময়মতো বোনাস পরিশোধের বিষয়ে মালিক পক্ষ আন্তরিক ছিলো।

তবে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয়; এমন কারখানাগুলোতেও যাতে দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন তারা। 

একাত্তর/আরবি