ডিমের দাম কত হওয়া উচিত, বলে দিলেন মন্ত্রী

প্রতিটা ডিমির দাম ১২ টাকা হওয়া উচিত বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রতিটি ডিম ১২ টাকা দরে, ডিমের হালি ৪৮ টাকার বেশি হওয়া উচিত নয়। ব্যবসায়ীদের এটি স্পষ্ট জানানো হয়েছে। সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হলে ১২ টাকায় বিক্রি হলে উৎপাদকরা অনেক লাভ করতে পারবেন।’

ডিমের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে রোববার সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

রেজাউল করিম বলেন, অতিরিক্ত মুনাফা করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা নেবে। কেউ অন্যায্য লাভ করলে ব্যবস্থা নেয়া হবে। কেউ জনদুর্ভোগ করলে ভোক্তা অধিকার ব্যবস্থা নেবে। 

বর্ষায় খামারের ক্ষতি হয় বলে প্রতি বছর এই সময় ডিমের দাম কিছুটা বাড়ে। তবে এবার দাম বৃদ্ধি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ডজন হিসেবে ডিমের দাম উঠেছে ১৬৫ টাকায়।

বাজারে বাদামি ডিমের হালি এখন ৬০ টাকা। সাদা ডিম ৫৫ টাকা। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। পাইকারিতেই বাদামি ডিমের শ’ বিক্রি হচ্ছে ১২৭০ টাকা। অর্থাৎ প্রতিটি ডিমের দাম পড়ছে ১২ টাকা ৭০ পয়সা। হালি হিসেবে করলে আসে ৫০ টাকা ৮০ পয়সা। আড়তে ১০০ সাদা ডিমের ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও যে দামটা ছিলো এক হাজার ৮০ থেকে ১১শ’  টাকা।

গত বছরের এই সময়ে প্রতি ডজন ডিমের দাম উঠেছিল ১৫৫ টাকা। তবে বর্ষা শেষে তা আবার কমে গিয়েছিলো। গত মাস পর্যন্ত ১৪০ থেকে ১৪৫ টাকায় ডিম বিক্রি হয়। এরপরই বাড়তে থাকে।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, ডিমের বাজারের মাত্র ২০ শতাংশ কর্পোরেট প্রতিষ্ঠানের দখলে। কিন্তু বাকি ৮০ শতাংশ ডিমের দাম তারাই নিয়ন্ত্রণ করে।

রোববার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দরকার পড়লে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণলায়ের সঙ্গে কথা বলে ডিম আমদানি করা হবে।

তবে সচিবালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেছেন, ‘বাজার বিন্যাস করতে পারলে আমদানির দরকার হবে না।’

আরও পড়ুন: ডিম আমদানি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

মন্ত্রণালয় দাম নির্ধারণ করে দেবে কিনা- জানতে চাইলে শ ম রেজাউল করিম বলেন, এটা দাম নির্ধারণ করার বিষয় না। এর আগে ২০১০ সালে ছোট বাচ্চা মুরগি ও অন্যান্য বিষয়ের দাম নির্ধারণের বিষয় উঠেছিলো। সেক্ষেত্রে আদালত প্রশ্ন তুলেছিলেন, মন্ত্রণালয় এভাবে দাম নির্ধারণ করে দিতে পারে না।

আরও পড়ুন: সারা দেশেই ডিমের বাড়তি দাম, চলছে অভিযান

তিনি বলেন, তবে আজ অংশীজনদের সঙ্গে বসে আমাদের সার্ভে অনুযায়ী দেখিয়েছি, সাড়ে ১০ টাকা উৎপাদন খরচ হলে ১২ টাকায় বিক্রি হলে তারা প্রচুর লাভ করতে পারবে। এর বাইরে কেউ অস্বাভাবিক অবস্থা তৈরি করলে ভোক্তা অধিকার আইনের আওতায় যারা কর্তৃপক্ষ, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


একাত্তর/কেএসএইচ