নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ড খাতের একমাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস-এর (এএএমসিএমএফ) প্রতিনিধিরা।
সোমবার সচিবালয়ে ওয়াসিকা খানের সঙ্গে দেখা করেন তারা। এএএমসিএমএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি হাসান ইমাম। এ সময় নতুন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
সাক্ষাতে এএএমসিএমএফ সভাপতি পুঁজিবাজার পরিস্থিতি তুলে ধরে এর উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় বাজারের উন্নয়নে অর্থ প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তারা।
ওয়াসিকা আয়শা খান এএএমসিএমএফ প্রতিনিধিদের কথা শোনের এবং পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন এএএমসিএমএফ ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরী, আরিফ খান এফসিএমএ, মনিজা চৌধুরী, সাবিরুল ইসলাম চৌধুরী।