ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে ৬০ শতাংশ খেলাপি ঋণ আদায় সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি আব্দুল হাই সরকার।
বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বিএবি জানায়, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক এতদিন পর্যন্ত ব্যাংকগুলোর কিছু জায়গায় অতিরিক্ত শাসন, আর কিছু জায়গায় কম শাসন করে আসছে। যা ব্যাংকগুলোর সঙ্গে পরামর্শ করে সমাধান করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের কথাও জানিয়েছে ব্যাংক মালিকরা।
বিএবি সভাপতি আব্দুল হাই সরকার বলেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের বিষয়ে গভর্নরের কাছে দাবি জানিয়েছেন তারা। আর সেটি হলে ৬০ শতাংশ পর্যন্ত খেলাপি ঋণ আদায় করা সম্ভব হবে।
এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ব্যাংক কোম্পানি আইনের সংশোধন চান উদ্যোক্তা পরিচালকরা।
এদিন বিএবি ছাড়াও গভর্নরের সঙ্গে বৈঠক করেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন। তবে তারা এ বিষয়ে কথা না বলে গণমাধ্যমকে এড়িয়ে যান।