চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতের নির্দেশ প্রধান উপদেষ্টার

চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিশ্চিতভাবে গেলো বারের চেয়ে দাম বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। চামড়া সংরক্ষণে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে এতিমখানায় দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলাবাহিনী তৎপর থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জে. (অব:) আব্দুল হাফিজ।

চাঁদ দেখা সাপেক্ষে জুনের প্রথম সপ্তাহে ঈদুল আযহা। এ উপলক্ষ্যে একদিন পরই কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করবে সরকার।

তার আগেই বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে কোরবানি –সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, সঠিক দাম নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে। চামড়া সংরক্ষণে সারাদেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে দেয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে আসন্ন ঈদুল আযহায় পশুর ওপর নিষ্ঠুরতা কমাতে এবং ক্ষতিকর স্টেরয়েডের ব্যবহার ঠেকাতে কাজ চলছে বলে জানান মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা।

ministy

তবে এতকিছুর পরও পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কি আদৌ ঠেকানো যাবে জানতে চাওয়া হয় বাণিজ্য উপদেষ্টার কাছে।

এর জবাবে একই অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জে. (অব.) আব্দুল হাফিজ বলেন, চাঁদাবাজি ঠেকাতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করবে।

চাঁদাবাজি বন্ধে হটলাইন নম্বর ব্যবহারের পরামর্শও দেন।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।