দেশের জাতীয় ব্যয়ের বড় অংশ দেনা পরিশোধে চলে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি মনে করেন, এজন্য মেগা প্রকল্প নেওয়ার আগে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানো উচিত। এসময় লজিস্টিক সাপোর্ট এবং শ্রমের উৎপাদন ক্ষমতা সমন্বয় করতে পারলে দেশের অর্থনৈতিক সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ জুন) দুপুরে ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথভাবে ‘অটোমোবাইল পলিসি ফর গ্রিন গ্রোথ অ্যান্ড কম্পিটিটিভ ইকোনমি’ শীর্ষক কর্মশালা ও সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেমিনারে অপ্রয়োজনীয় প্রকল্প ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। একই সঙ্গে সব ক্ষেত্রে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মুদ্রার মান বা কারেন্সি রেস্পেক্ট বাড়ানোর কথাও জানান তিনি।
দেশের মোট জিডিপি আকার সম্পর্কে ধারণা নেই উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা জানান, ভোগ্যপণ্যর বাজার ১৫০ বিলিয়ন ডলার, আমদানি করা হয় ১০ কোটি টন খাদ্য।
উপদেষ্টা বলেন, আমাদের দেশে নদীর সংখ্যা দুইশর বেশি। হিউজ ডেমোগ্রাফি রয়েছে সেটার ব্যবহার করতে হবে। তা করতে পারলে সুন্দর ভবিষ্যৎ আসবে।
তিনি জানান, আমাদের লজিস্টিক খরচ উন্নত বিশ্বের থেকেও বেশি। অটো মোবাইল গুরুত্বপূর্ণ, তবে এটা একটা ছোট পার্ট হয়ে আছে। এটা উৎপাদন হচ্ছে না। দেশের ১০১টি সমুদ্রগামী জাহাজ রয়েছে মাত্র। নদীভিত্তিক গুদামজাত কেন হচ্ছে না? গাড়ি কেনার সময় প্রশ্ন শুধু লিটারে কতো কিলো যাবে- এই প্রশ্ন কেন।