আগামী চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাসের চাপ কিছুটা কমতে পারে, তবে সরবরাহ বন্ধের কোনো সম্ভাবনা নেই।
মঙ্গলবার পেট্রোবাংলার জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি ‘সামিট এলএনজি টার্মিনালে’ জরুরি ভিত্তিতে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এর ফলে টার্মিনালটিতে বর্তমানে রিগ্যাসিফিকেশন (পুনরায় গ্যাসে রূপান্তর) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এ কারণে আগামী চার দিন দেশে দৈনিক মোট গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কিছুটা কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে কোথাও কোথাও সাময়িকভাবে লাইনে গ্যাসের চাপ কম (স্বল্পচাপ) থাকতে পারে, কিন্তু গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে না।
বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা আরও জানায়, একটি কুচক্রী মহল কিছু সংবাদমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরির মাধ্যমে ‘আগামী চার দিন গ্যাস থাকবে না’ মর্মে ফেসবুকে অসত্য তথ্য ও গুজব ছড়াচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর ফটোকার্ড ও গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।