যুদ্ধ এখন আর শুধু স্থল, আকাশ কিংবা সমুদ্রেই সীমাবদ্ধ নেই। সাইবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংরক্ষণের ব্যবস্থাও। ফ্রান্সের প্রায় ৭০০ সুপারমার্কেট, কসাইখানা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ফ্রিজ ও ফ্রিজার হ্যাক করার ঘটনায় ইরানের রেভল্যুশনারি গার্ডসকে অভিযুক্ত করেছে ফরাসি কর্তৃপক্ষ।
গত ১১ অক্টোবর চালানো হামলায় হ্যাকাররা দূর থেকেই ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা পরিবর্তন করে দেয়। এতে সংরক্ষিত মাংস, মাছ ও হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে অন্তত ১৫টি স্থানে অগ্নিকাণ্ডও ঘটে। ধারণা করা হচ্ছে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো ছাড়াতে পারে।
ফরাসি গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থার যৌথ প্রতিবেদনে ‘শাহিদ কাভেহ’ নামের ইরানের রেভল্যুশনারি গার্ডস-সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটকে অভিযুক্ত করা হয়েছে। হামলার ডিজিটাল অবকাঠামো, আগের সাইবার হামলার সঙ্গে মিল ও ফারসি ভাষার চিহ্ন পাওয়ার ভিত্তিতে এই অভিযোগ করা হয়েছে।
ফ্রিজ হ্যাকের ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞারও হুঁশিয়ারি দিয়েছে প্যারিস।
এদিকে ফ্রান্সের বাইরেও ইউরোপের শতাধিক প্রতিষ্ঠানে একই ধরনের হামলার ঘটনা ঘটেছে। এমনকি ফ্রান্সের কয়েকটি ব্লাড ব্যাংকের ফ্রিজও হ্যাকের শিকার হয়। এতে খাদ্য ও স্বাস্থ্যসেবা খাতের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।