ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল পরিশোধন ক্ষমতা কমেছে ৩০ শতাংশ

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল পরিশোধন ক্ষমতা কমেছে প্রায় ৩০ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত অক্টোবর মাসের শেষ দিক থেকে রুশ তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে তীব্র আক্রমণ চালাচ্ছে ইউক্রেন। 

শিল্প খাতের একাধিক সূত্র বলছে, রুশ তেল খাতের প্রধান উৎপাদন ক্ষমতার ওপর এসব হামলার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। রাশিয়ার মোট প্রাথমিক পরিশোধন ক্ষমতা দৈনিক প্রায় ৯ লাখ ৩০ হাজার মেট্রিক টন হলেও, বর্তমানে প্রধান শোধনাগারগুলোর দৈনিক অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ কমে দাঁড়িয়েছে ৩ লাখে। রিইয়াজান, ইয়ারোস্লাভল ও ভলগা অঞ্চলের বিভিন্ন শোধনাগারসহ অন্তত ৯টি প্রধান শোধনাগারের কার্যক্রমে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে একটি যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে সেই চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে ইউক্রেন নতুন করে এই হামলাগুলো বাড়িয়ে দেয়। 

রুশ তেল খাতে এই হামলার ফলে মস্কোর অভ্যন্তরীণ জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া রপ্তানি চুক্তি অনুযায়ী রাশিয়া যখন আন্তর্জাতিক বাজারে ডিজেল সরবরাহ অব্যাহত রাখতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই এই হামলাগুলো তাদের সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে।