পোশাক শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ও তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল দিতে ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে শ্রমিকরা ৩০ টাকা কেজি দরে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল নিতে পারবেন।
শুক্রবার থেকে এই বিশেষ ওএমএস কর্মসূচি শুরু হয়। বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য করার অঙ্গীকারের অংশ হিসেবে কর্মসূচিটি চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ টন, সাভারে ৮টি ট্রাকসেলের মাধ্যমে ৪০ টন, ধামরাইয়ে ২টি ট্রাকসেলের মাধ্যমে ১০ টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ টন ও চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হবে।
প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রির কার্যক্রম চলবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দ্বিতীয় দফায় আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি চলবে। পোশাক শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে ও মাস্টার রোলে স্বাক্ষর দিয়ে এ কর্মসূচির চাল সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।