জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে অক্টোবরে ভারতের পাইকারি মূল্যস্ফীতি বেড়ে পৌঁছেছে ১২ দশমিক ২৯ শতাংশে। অথচ, সেপ্টেম্বরে এই হার ছিল ১১ দশমিক ৩৯ শতাংশ। ২০২২-২৩ ভিত্তিবছর ধরে চালু হওয়া নতুন নিয়মের আওতায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পাইকারি মূল্যস্ফীতির রেকর্ড। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মূল্যস্ফীতির এই উল্লম্ফনের পেছনে মূল ভূমিকা রেখেছে জ্বালানি ও বিদ্যুৎ খাত। সেপ্টেম্বরে এই খাতে মূল্যস্ফীতি ২৫ দশমিক ৮৫ শতাংশ থাকলেও অক্টোবরে তা বেড়ে ৩২ দশমিক ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। বিশেষ করে, অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ৭০ দশমিক ৮ শতাংশ।
অন্যদিকে, অক্টোবরে ভারতের খুচরা মূল্যস্ফীতিও বেড়ে ৬ দশমিক ০৯ শতাংশে পৌঁছেছে। টানা পাঁচ মাস ধরে এটি কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নির্ধারিত ৪ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে অবস্থান করছে। শুধু তাই নয়, গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ৬ শতাংশের সর্বোচ্চ সীমা অতিক্রম করল এটি। পাইকারি ও খুচরা উভয় মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
তবে, খাদ্য ও উৎপাদনশীল খাতের চিত্র ভিন্ন। অক্টোবরে পাইকারি খাদ্যপণ্যের দাম বেড়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৬৬ শতাংশ। পাশাপাশি, উৎপাদিত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমেছে, যা ইঙ্গিত দেয় যে মূল্যবৃদ্ধির চাপ মূলত জ্বালানি-সংশ্লিষ্ট খাতেই সীমাবদ্ধ রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কিছুটা কমে আসায় নভেম্বরে পাইকারি মূল্যস্ফীতি সামান্য কমতে পারে। কারণ, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে নেমে এসেছে।