কৃষিতে ঋণ প্রবাহ বৃদ্ধির সাথে বাড়ছে খেলাপির বোঝা

গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা, যা সর্বশেষ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৩ হাজার কোটি টাকায়। একই সময়ে খেলাপি ঋণ ৫ হাজার ২৪০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকা।

একই সময়ে কৃষিঋণ বিতরণ হয়েছে ১১ হাজার ১৩১ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের ৮ হাজার ৭৯০ কোটি টাকার চেয়ে ২ হাজার ৩৪১ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশ বেশি। এর মধ্যে ৫৮টি ব্যাংক বিতরণ করেছে ১০ হাজার ৮৩৬ কোটি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ২৯৪ কোটি টাকা। ৫৮টি ব্যাংকের বার্ষিক লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা হলেও প্রথম তিন মাসে অর্জন হয়েছে ১৮ শতাংশ।

ঋণ বিতরণে শীর্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক, ২ হাজার ৪৪৮ কোটি টাকা। এরপর ইসলামী ব্যাংক ৮৮৮ কোটি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৭৬৮ কোটি, সিটি ব্যাংক ৫৩৩ কোটি, পূবালী ব্যাংক ৪৮২ কোটি, সোনালী ব্যাংক ৪৫৭ কোটি, ব্র্যাক ব্যাংক ৪২৬ কোটি, ইউসিবি ৪১৪ কোটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ৩৯৮ কোটি এবং প্রাইম ব্যাংক ৩১৫ কোটি টাকা বিতরণ করেছে।

খাতভিত্তিক হিসাবে ফসল উৎপাদনে ৫ হাজার ৭০ কোটি টাকা বা ৪৭ শতাংশ, প্রাণিসম্পদ ও পোলট্রিতে ৩ হাজার ২৫৩ কোটি বা ৩০ শতাংশ এবং মৎস্য খাতে ১ হাজার ৩৮৮ কোটি বা ১৩ শতাংশ ঋণ গেছে। অকৃষি পল্লি খাতে বিতরণ হয়েছে ১ হাজার ৩ কোটি টাকা। এর মধ্যে দারিদ্র্য বিমোচনে ৪১৯ কোটি এবং অন্যান্য গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ডে ৫৮৪ কোটি টাকা।

সেচ সরঞ্জামে ৪৬ কোটি, কৃষি সরঞ্জামে ৪৫ কোটি এবং শস্য সংরক্ষণ ও বিপণনে ৩১ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে। অন্যদিকে, বিআরডিবির ঋণ বিতরণ গত বছরের একই সময়ের ৩০১ কোটি টাকা থেকে কমে ২৯৪ কোটি টাকায় নেমেছে, যা প্রায় ২ শতাংশ কম। কৃষিঋণ বাড়লেও খেলাপি ঋণের দ্রুত বৃদ্ধি এখন এ খাতের বড় চ্যালেঞ্জ।