এবার বন্ড ও শেয়ার ছেড়ে রাষ্ট্রীয় ৬ ব্যাংকের ৬৮ হাজার কোটি টাকা মূলধন ঘাটতি কমাতে চায় সরকার। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সভার কার্যবিবরণীতে বলা হয়, ব্যাংকের ব্যালেন্স শিট ক্লিন করতে ডিসেম্বরের মধ্যে এক্সিট পলিসি দেওয়া হয়েছে। আর ঝুকিঁপূর্ণ সম্পদ ব্যবস্থাপনা আইন পাস হলে ১০ শতাংশের ওপরে খেলাপি ঋণ কিনে নেওয়ারও পরিকল্পনা আছে। বিশ্লেষকরা মনে করেন, এমন উদ্যোগ প্রশংসনীয় হলেও বর্তমান প্রেক্ষাপটে তা বাস্তবায়ন সহজ হবে না।
আওয়ামী আমলে ক্ষতবিক্ষত হওয়ায় ব্যাংক খাতের বড় ভুক্তভোগী রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। ফলে দীর্ঘদিন ধরেই বিরাজ করছে চরম মূলধন ঘাটতি। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে চলতি বছরের জুন শেষে ছয় প্রতিষ্ঠানেই যার পরিমান দাঁড়িয়েছে ৬৮ হাজার কোটি টাকা। আর এই ঘাটতি কমাতে চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ থেকেও।
এমন বাস্তবতায় ঘাটতি কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। যা তুলে ধরা হয় গত ০৪ অক্টোবর অনুষ্ঠিত অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। যেখানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ জানান, বন্ড ও শেয়ার ছেড়ে মূলধন পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সভার বিবরণী অনুযায়ী দুর্বল বেসরকারি ব্যাংকগুলোর সহায়তায় উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণে গঠন করা হচ্ছে ব্যাংক রেজুলেশন তহবিল।
এদিকে বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের মত, উদ্যোগ ভালো হলেও তা বাস্তবায়নে আছে বড় চ্যালেঞ্জ।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, বছরের পর বছর ধরে যে গভর্নেন্সে এফিউজ হয়েছিল। যেটার কারণে আমরা একটা বড় এনপিএল দেখছি। এখন সেইটার একই সূত্রে গাঁথা এই ক্যাপিটাল এডিকুয়েন্সি শর্টফল। এটাকে যেভাবেই হোক এই ক্যাপিটাল এডিকুয়েন্সি আমাদের এনশিওর করতে হবে। নাইলে ব্যাংকগুলোর টিকে থাকা বা অপারেট করার ভিত্তি থাকবে না।
অর্থনীতিবিদ ড. জাহদি হোসেন বলেন, ঘাটতি আছে বলে টাকা দিয়ে দিলাম এমনটা অতীতেও বার বার করা হয়েছে। কিন্তু তাতে কোনো সুফল আসেনি। রিফর্মভিত্তিক অর্থায়ন না হলে ওই আগের ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা বেশি।
এদিকে সভার কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, বর্তমানে ৬৩টি তফশিলী ব্যাংকের মধ্যে ১২টির মূলধনই ঋণাত্মক। যার পেছনে বড় দায় ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ। আর এই হার কমাতেও বিশেষ উদ্যোগের কথা বলা হয় ওই সভায়। সে অনুযায়ী ১০ থেকে ২০ শতাংশের মধ্যে থাকা খেলাপি ঋণ ১০ এর নিচে নামিয়ে আনা ও ২০ শতাংশের ওপরে থাকা খেলাপি ঋণ ২০ এর নিচে নামিয়ে আনার বিষয়ে জোর আলোচনা করা হয়। এছাড়া ডিসেম্বরের মধ্যে ঝুঁকি পূর্ণ সম্পদ ব্যবস্থাপনা আইন পাশ হলে ১০ শতাংশের ওপরে খেলাপি ঋণ কিনে নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয় ওই বৈঠকে।
ড. জাহিদ হোসেন বলেন, বিশ্বাসযোগ্য নিরীক্ষা দিয়ে রিফর্মের শুরুটা করতে হবে। আগে বুঝতে হবে যে আমার আসলে খেলাপি ঋণ কতো, মুলধন ঘাটতিটা কতো। আমি শুনেছি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলছে যে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা যাবে না। কাজে আমাদের শুরুতেই যদি এমন একটা বাধা আসে তাহলে এগুনো যাবে কীভাবে? এমন অবস্থায় এই রিক্যাপিটালাইজেশনের উদ্যোগটা তলাবিহীন ঝুঁড়িতে টাকা ঢালার মতোই হয়ে যাচ্ছে।
মাসরুর রিয়াজ বলেন, প্রশ্ন হলো খেলাপির হার ২০ শতাংশের নিচে কীভাবে আনবে? ১০ শতাংশের নিচে কীভাবে আনবে? যেগুলো এনপিএল অলরেডি বুকসে চলে এসেছে, সেগুলোকে কীভাবে মার্কেট বেইজড ওয়েতে, আইন সিদ্ধ ওয়েতে সরাবে? আমার মনে হয় এই কৌশলগুলো ভালোভাবে নির্ধারণ করে রূপরেখা তৈরির সময় এসেছে।
এর আগে সংসদীয় স্থায়ী কমিটির ওই সভায় জানানো হয়, বর্তমানে ৫৮টি ব্যাংকের মধ্যে ৪১টি ব্যাংকের মূলধন ১০ শতাংশের ওপরে, পাঁচটির ১০ শতাংশের নিচে ও ১২টির ঋণাত্বক অবস্থায় আছে।
