দুই যুগের বেশি সময় ধরে উচ্চ আদালতে বিচারাধীন অগ্রণী ও রূপালী আয়কর সংক্রান্ত মামলা। এর মধ্যে ১৪ মামলায় অগ্রণী ব্যাংকের বকেয়া প্রায় ১৬'শ কোটি টাকা। রূপালীতে যা ৮৪ কোটি। দীর্ঘ সময়েও সমাধান না হওয়ায় এবার বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের উদ্যোগ নিয়েছে বৃহৎ করদাতা ইউনিট। বিশ্লেষকরা মনে করেন, রাজস্ব ঘাটতির এই সময়ে, এই উদ্যোগ ইতিবাচক হতে পারে এনবিআরের জন্য।
সরকারি প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের সাথে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট-এলটিইউয়ের আয়কর সংক্রান্ত বিরোধ উচ্চ আদালতে ঝুলছে দুই যুগ ধরে। তবে এবার সেই মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের মাধ্যেমে সমাধানের উদ্যোগ নিয়েছে দুই পক্ষই।
এনবিআরের নথি অনুযায়ী, ২০০২ থেকে ২০১৮ পর্যন্ত ১৪ টি আয়কর মামলায় অগ্রণী ব্যাংকের কাছে এলটিইউয়ের দাবি দেড় হাজার কোটি টাকার ওপরে (১৫৭২)। আয়কর ও উৎসে কর ফাঁকির অভিযোগ এনে এই অর্থ দাবি করে এলটিইউ। যার মধ্যে সবচেয়ে বেশি ৩২৯ কোটি টাকা জড়িত ২০১১ আয়বর্ষের মামলায়। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৭১ কোটি টাকা জড়িত ২০১৪ আয়বর্ষে।
এমন বাস্তবতায় এসব মামলা এডিআরের মাধ্যমে নিষ্পত্তির জন্য গত আগস্টে অর্থমন্ত্রীর সাথে বৈঠক করে দুই পক্ষ। সেই প্রেক্ষিতে চলতি মাসের আট তারিখের মধ্যে নথিপত্র উপস্থাপনের জন্য অনুরোধ জানায় এলটিইউ।
একই অভিযোগে সরকারি আরেক প্রতিষ্ঠান রূপালী ব্যাংকের কাছেও ৮৫ কোটি পাওনা দাবি করে আসছে এনবিআর। যার নিষ্পত্তি হয়নি দুই দশকেও। ২০০৫ থেকে ২০১৮ পর্যন্ত এ সংক্রান্ত ৫ মামলা ঝুলছে উচ্চ আদালতে। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়ে ৪৬ কোটি ২০১১ আয়বর্ষের। এসব মামলাও বিকল্প নিষ্পত্তির জন্য চাওয়া হয়েছে নথিপত্র।
অগ্রণী ব্যাংকের ডিজিএম ওমর ফারুক জানান, আমাদের সব ডকুমেন্টেশন গুলো বের করে দেখবো যে কোনটা আমরা আগে ধরবো আর কোনটা পরে ধরবো। এ বিষয়ে ওনাদের সাথে একটা ডিটেলস আলোচনা হয়েছে। আমরা তাদেরকে একটা আবেদনপত্র দিয়েছি যে আমরা এভাবে করতে চাই এবং এটা আমাদের নতুন ব্যবস্থাপনা পরিচালকের সিদ্ধান্ত। উনারাও বিভিন্ন নির্দেশনা দিচ্ছে। তারপরও ১৪/১৫ বছরের যে মামলা আছে সেই মামলাগুলোর মধ্যে কোনটা আমরা এডিয়ারে যাব আর কোনটা নিষ্পত্তিতে যাব সেটির বিষয়ে সিদ্ধান্ত হবে।
উল্লেখ্য, আয়কর সংক্রান্ত প্রায় ৩৫ হাজার কোটি টাকার মামলা ঝুলছে উচ্চ আদালতসহ এনবিআরের বিভিন্ন আদালতে।
