ফাঁস হওয়া লাখ লাখ অভ্যন্তরীণ নথিতে রাশিয়ার ধনকুবের, জেফরি এপস্টেইন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যাংকটির অতীত সম্পর্ক নিয়ে নানা তথ্য প্রকাশের পর আত্মপক্ষ সমর্থনে নেমেছে জার্মানির ডয়েচে ব্যাংক। এসব ঘটনা বহু বছর আগের উল্লেখ করে ব্যাংকটির দাবি, বর্তমানে তাদের ঝুঁকি নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী।
মঙ্গলবার আন্তর্জাতিক সাংবাদিকদের একটি অনুসন্ধানে এসব খবর প্রকাশের পর ডয়েচে ব্যাংকের শেয়ারের দাম প্রাথমিক লেনদেনে প্রায় ৫ শতাংশ কমে যায়। ২০০-এর বেশি সাংবাদিকের একটি আন্তর্জাতিক দল ১ কোটি ৫০ লাখেরও বেশি ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর আগেও রাশিয়ার ধনকুবেরদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিল ব্যাংকটি। পাশাপাশি জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট ৫৮ কোটি ডলারের বেশি সন্দেহজনক লেনদেন এবং ২০১৭ সালে ভুল করে ট্রাম্পের করসংক্রান্ত নথি বাইরের পক্ষের কাছে পাঠানোর বিষয়টিও উঠে এসেছে।
তবে ডয়েচে ব্যাংকের দাবি, এসব ঘটনা কয়েক বছর, এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রায় দুই দশক আগের। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঝুঁকি নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ তদারকি জোরদারে ৭০০ কোটি ইউরো বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে রেকর্ড মুনাফাও করেছে ব্যাংকটি। তবে অতীতের এসব ঘটনা নতুন করে সামনে আসায় ব্যাংকটির সুনাম ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।