দেশের বীমা খাতের অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বীমা কোম্পানিগুলো গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করছে না। অথচ তারা নিজেদের নামে সম্পত্তি কিনছে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে এবং বীমার অর্থ ব্যক্তিগত বিনিয়োগেও ব্যবহার করছে। এ খাতে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর প্রভাবশালী ব্যক্তিরা বাধা দিতে শুরু করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা ‘বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অভ্যন্তরীণ ঋণপত্র বা লোকাল এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে আদান-প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক এ প্ল্যাটফর্ম চালু করেছে।
বীমা খাতের অনিয়মের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এ খাতে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, এর অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ। ব্যাংক খাত যে সংকটের মধ্যে পড়েছে, বীমা খাতও একই অবস্থায় পৌঁছেছে। বীমা কোম্পানিগুলো গ্রাহকদের দাবি পরিশোধ না করলেও সম্পত্তি কেনা ও বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। এমনকি বীমার অর্থ ব্যক্তিগত বিনিয়োগেও ব্যবহার করা হচ্ছে।
বীমা খাতের অনিয়মের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার সময় আমদানিকারকেরা বীমার কভার নোট নিচ্ছেন। কিন্তু পণ্য দেশে আসার পর বীমার প্রিমিয়াম পরিশোধ না করেই কভার নোটটি ফেলে দেওয়া হচ্ছে। বীমা কোম্পানির সঙ্গে যোগসাজশের মাধ্যমে এ ধরনের ঘটনা ঘটছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, বীমা কোম্পানি প্রিমিয়াম পাচ্ছে না এবং কোম্পানির শেয়ারধারীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ প্রসঙ্গে একটি আমদানি চালানের উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, ১ হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রে বীমার কভার নোট নেওয়া হলেও প্রিমিয়াম পরিশোধ করা হচ্ছে না। কভার নোট নেওয়ার পর পণ্য দেশে চলে এলে সেটি ফেলে দেওয়া হচ্ছে। বীমা কোম্পানির সঙ্গে যোগসাজশ ছাড়া এভাবে অনিয়ম করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের অনিয়মের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এর ফলে বিপুল অঙ্কের রাজস্ব ও বীমা প্রিমিয়াম আদায় হচ্ছে না।
এ ধরনের কারসাজি বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্যব্যবস্থার মধ্যে আন্তসংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তাঁর মতে, ঋণপত্র খোলা থেকে শুরু করে বীমা-সংক্রান্ত তথ্যও তাৎক্ষণিকভাবে যাচাই করা গেলে কভার নোটের অপব্যবহার ও প্রিমিয়াম ফাঁকি দেওয়ার সুযোগ কমবে।
অর্থমন্ত্রী বলেন, শুধু বীমা খাত নয়, ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রেও অনেক অনিয়ম ও কেলেঙ্কারির ঘটনা রয়েছে। এ ব্যবস্থার অপব্যবহার হচ্ছে। তাই পুরো লেনদেনপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে তাল মেলাতে হলে আন্তর্জাতিক মানের ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করার সক্ষমতা তৈরি করতে হবে।
দেশের ব্যবসা-বাণিজ্যকে বাজারভিত্তিক করতে হলে তথ্যপ্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিশ্বজুড়ে বাণিজ্য ও বিনিয়োগের কার্যক্রম তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। বাংলাদেশকেও সেই গতির সঙ্গে তাল মেলাতে হবে। এতে ব্যবসার খরচ কমবে, স্বচ্ছতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের সুযোগ তৈরি হবে।
দেশে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যবস্থার মধ্যে সমন্বয় না থাকার সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান নিজেদের মতো করে আলাদা প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু সেগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা বা আন্তসংযোগ নেই। এমনকি আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুঁজিবাজারের তথ্যব্যবস্থারও সংযোগ ছিল না। কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা পরস্পরের সঙ্গে যুক্ত না থাকলে তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।
তিনি বলেন, শুধু একটি জায়গায় ব্যবসার খরচ কমালে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালনার ব্যয় কমবে না। এ জন্য এনবিআর, বীমা খাত ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজন অনুযায়ী তথ্যব্যবস্থার আন্তসংযোগ স্থাপন করা হচ্ছে। প্রতিটি লেনদেনে তাৎক্ষণিক তথ্য, নিবিড় তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সময় এবং ব্যবসার খরচ দুটিই কমবে।
পুঁজিবাজারে কারসাজি ও গোপন লেনদেন বন্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোর তথ্যব্যবস্থার মধ্যে আন্তসংযোগ স্থাপন করা হবে। এতে নিয়ন্ত্রক সংস্থা পুরো লেনদেনপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে।
তবে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানকে প্রয়োজন অনুযায়ী তথ্য ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এ জন্য তথ্যব্যবস্থায় নিরাপত্তাব্যবস্থা বা ফায়ারওয়াল থাকবে। অর্থমন্ত্রী বলেন, এ ব্যবস্থা চালু হলে ব্রোকারদের কারসাজি, যোগসাজশ ও গোপন লেনদেনের সুযোগ থাকবে না। চট্টগ্রাম বন্দরেও একই ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অটোমেশনের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, স্বয়ংক্রিয় ব্যবস্থা শুধু কাজের দক্ষতা বাড়ায় না, ব্যবসার খরচও কমায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। বিভিন্ন খাতে গোপন ও অনিয়মতান্ত্রিক লেনদেনের কারণে সরকার যে রাজস্ব হারাচ্ছে, তা আদায়েও এ ধরনের ব্যবস্থা ভূমিকা রাখবে।
অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকার সংস্কারের বিষয়ে যতই উদ্যোগী হোক না কেন, অংশীজনেরা সহযোগিতা না করলে তা বাস্তবায়ন সম্ভব হবে না। দেশের সমস্যাগুলো অনেক গভীরে প্রোথিত।