যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: ইরানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামনিয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) তেহরান প্রদেশের পিশভা কাউন্টিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের পর ইরানের সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে বেশি প্রস্তুত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে আগ্রাসন চালালে তাৎক্ষণিক জবাব দেবে ইরান। পারস্য উপসাগর ও পশ্চিম এশিয়ার বিভিন্ন এলাকায় থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থ ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

ইরানি এই সামরিক কর্মকর্তা দাবি করেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর বাইরেও দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে ওয়াশিংটন।

তিনি জানান, যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো। জেট ফুয়েল ও রাসায়নিক সারও পরিবহন করা হতো এই নৌপথে।