কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো নির্মাণের চাহিদা বাড়ায় অক্টোবরে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় চতুর্থ প্রান্তিকে দেশটির সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাণিজ্য খাত আবারও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এবং চীন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক প্রস্তাবের মধ্যেই এই তথ্য প্রকাশ্যে এসেছে।
সরকারি হিসাব অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ১০.৭ শতাংশ বা ১৪.৪ বিলিয়ন বেড়ে ১৪৯.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা ২০২৫ সালের মার্চের পর সর্বোচ্চ। অর্থনীতিবিদরা এই ঘাটতি ১৩৩ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন।
একই সময়ে পণ্য আমদানি ৬.১ শতাংশ বা ২১.১ বিলিয়ন ডলার বেড়ে পৌঁছেছে ৩৬৫.৩ বিলিয়ন ডলারে। যা ১৯৯২ সালে সরকারিভাবে পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর সর্বোচ্চ রেকর্ড। মূলধনী পণ্যের আমদানি এক মাসে ৮.৫ শতাংশ এবং বছরওয়ারি ৮০.০ শতাংশ বেড়ে এই ঊর্ধ্বগতিতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি, শিল্প উপকরণ ৬.০ শতাংশ, মোটরযান ও যন্ত্রাংশ ৪.১ শতাংশ, ভোগ্যপণ্য ২.৬ শতাংশ এবং খাদ্য ও পানীয় আমদানি ২.৫ শতাংশ বেড়েছে।
অন্যদিকে, অক্টোবরে পণ্য রপ্তানি ৩.২ শতাংশ বা ৬.৭ বিলিয়ন ডলার বেড়ে ২১৫.৮ বিলিয়ন ডলারে উঠেছে। শিল্প উপকরণ ৪.৯ শতাংশ, মূলধনী পণ্য ৩.৪ শতাংশ, মোটরযান ও যন্ত্রাংশ ৫.৭ শতাংশ এবং ভোগ্যপণ্য রপ্তানি ৪.২ শতাংশ বৃদ্ধি পেলেও খাদ্য ও পানীয় রপ্তানি কমেছে ৭.৯ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, এআই খাতে করপোরেট বিনিয়োগ বাড়লেও এর বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় জিডিপি প্রবৃদ্ধিতে প্রত্যাশিত মাত্রায় যুক্ত হচ্ছে না। তৃতীয় প্রান্তিকে বাণিজ্য ঘাটতি জিডিপি প্রবৃদ্ধি থেকে ৩.২১ শতাংশ পয়েন্ট কমিয়ে দিলেও শক্তিশালী ভোক্তা ব্যয় ও যন্ত্রপাতি বিনিয়োগে অর্থনীতি বার্ষিক ৪.৩ শতাংশ হারে প্রবৃদ্ধি পেয়েছিল। তবে, অক্টোবরে পাইকারি মজুত ০.৯ শতাংশ ও খুচরা মজুত ০.৮ শতাংশ বাড়ায় বাণিজ্য ঘাটতির চাপ কিছুটা প্রশমিত হতে পারে। গোল্ডম্যান স্যাক্স চতুর্থ প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ০.২ শতাংশ পয়েন্ট কমিয়ে ২.২ শতাংশে নামিয়ে এনেছে।
