রাজধানীতে ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেল গেটের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তাদের বয়স আনুমানিক ২০ বছর। দুজনেরই পরনে ছিল কালো টি শার্ট ও কালো জিন্সের প্যান্ট।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, চলন্ত ট্রেন থেকে পরে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনা স্থলেই দুই যুবক মারা যায়। তারা কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের যাত্রী ছিলেন।

পরে খবর পেয়ে সকাল সাড়ে নয়টায় এ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত দুই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।