কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড : একের পর এক এসি বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুনের তীব্রতায় বিভিন্ন দোকানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) একের পর এক বিকট শব্দে বিস্ফোরিত হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৫ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার) রাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে দেখা গেছে। আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং হতাহতের খবরও পাওয়া যায়নি।