যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক ব্যাটারিচালিত রিকশাচালক মারা গেছেন ও আহত হয়েছেন রিকশার দুই আরোহী। শুক্রবার রাত বারোটার দিকে মাতুয়াইল সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. ফিরোজ মিয়ার (৫৪) বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মইশালী গ্রামে। তিনি বর্তমানে সাদ্দাম মার্কেট জিরো পয়েন্ট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই মো. কবির ও ভাগ্নি ফাতেমা জানায়, ফিরোজ শুক্রবার বিকেলে তার রিকশা নিয়ে বাসা থেকে বের হন। এরপর রাতে খবর আসে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদুজ্জামান জানান, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় রিকশা উল্টে রিকশাচালক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।