ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মালয়েশিয়া প্রবাসী যুবকের

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক প্রবাসী যুবক। বুধবার রাত সোয়া ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মো: স্বপনের (২০) বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্যাম্বুপাড়া গ্রামে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচর রনি মার্কেট ভুট্টোর গলিতে পরিবারের সাথে থাকতেন।

নিহতের ভাই গোলাম মোস্তফা ও বাবা মো: হোসেন জানায়, স্বপন বেশ কয়েক বছর যাবত মালয়েশিয়া থাকতেন। সম্প্রতি সে রোমানিয়া যাওয়ার উদ্দেশ্য চলতি মাসে ২ তারিখ দেশে আসেন। বুধবার তার রোমানিয়ার টিকিট কনফার্ম করার কথা ছিল। আর সেই কারনে  বাসা থেকে বের হন তিনি। পরে সন্ধ্যায় জানা যায় স্বপন ট্রেনের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহামেদ জানান, বুধবার বিকালে তেজগাঁও রেলস্টেশনে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে স্বপন আহত হন। সেখান থেকে দুজন লোক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যায়। বিকালে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া অন্য কোন কারন রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।