আড্ডা বন্ধ করতে বলায় হাতাহাতি, বৃদ্ধ নিহত

রাজধানীতে আড্ডা, হৈচৈ বন্ধ করে চলে যেতে বলায় হাতাহাতির এক পর্যায়ে তরুণদের কিল-ঘুষি ও ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কদমতলীর মেরাজ নগরের সি- ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম খান (৭০)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।

ছেলে রাকিবুল হাসানের অভিযোগ, বাসার সামনে ইলিয়াস, আব্দুল্লাহসহ বেশ কিছু তরুণ নিয়মিত আড্ডা দেয় ও হৈচৈ করে। দুপুরে সেখান থেকে তাদের চলে যেতে বলা হয়। এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। তখন বাবা এগিয়ে গিয়ে বাধা দিতে গেলে  তাকেও কিল-ঘুষি ধাক্কা মারা হয়। এতে তিনি পড়ে গিয়ে অচেতন হয়ে যান।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ‌।    

কদমতলী থানার  উপ-পরিদর্শক মো. কবির হোসেন বলেন, স্বজনদের অভিযোগ বাসার সামনে আড্ডা প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে। নিহতের  মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।