রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিএনপি-জামায়াতের ডাকা দশম দফার অবরোধের প্রথম দিন বিকেলে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে অগ্নিসংযোগে জড়িত ও হতাহতদের সম্পর্কে তাৎক্ষনিক কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
পরবর্তীতে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পাঠানো তথ্য বিবরণীতে জানানো হয়, বিকাল ৪ টা ৪৮ মিনিটে মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস এর তিনটি বাসে অগ্নিসংযোগের খবর আসে। খবর পেয়েই বিকাল ৫ টা ০২ মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
এরপর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৫ টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় বিকাল ৫ টা ২৬ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়।
দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুইটি বাস সম্পূর্ণ এবং একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসগুলো ডিপোতে দাঁড়িয়ে ছিলো বলে একুশে এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে।